যুক্তরাষ্ট্রের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে ইরান মাটির নিচে অবস্থিত একটি নতুন ক্ষেপণাস্ত্র ঘাঁটি প্রকাশ করেছে। বুধবার ইসলামিক বিপ্লবী গার্ডের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
ঘাঁটিটির আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান আব্দুল রহমান মৌসাভি এবং বিপ্লবী গার্ডের এরোস্পেস শাখার প্রধান সায়েদ মাজেদ মৌসাভি। এ সময় শীর্ষ সামরিক কর্মকর্তারা বিপ্লবী গার্ডের ক্ষেপণাস্ত্র সক্ষমতা, প্রস্তুতি ও পরিচালনাগত দিকগুলো পর্যালোচনা করেন। অন্যান্য ঊর্ধ্বতন কমান্ডারদেরও ঘাঁটির কার্যক্রম সম্পর্কে অবহিত করা হয়।
পরিদর্শনকালে সশস্ত্র বাহিনীর প্রধান আব্দুল রহমান মৌসাভি বলেন, সম্ভাব্য যেকোনো ধরনের হুমকির মোকাবিলায় ইরান সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। তিনি জানান, গত বছরের জুনে ইসরাইলের সঙ্গে ১২ দিনব্যাপী সংঘাতের অভিজ্ঞতার পর ইরান তার সামরিক কৌশলে পরিবর্তন এনেছে।
তার ভাষ্য অনুযায়ী, প্রতিরক্ষামূলক অবস্থান থেকে সরে এসে এখন আক্রমণাত্মক কৌশলের ওপর জোর দেওয়া হচ্ছে। এর অংশ হিসেবে স্বল্প সময়ের মধ্যে বৃহৎ পরিসরে সামরিক অভিযান পরিচালনার সক্ষমতা বাড়ানো হয়েছে। একই সঙ্গে অসম যুদ্ধের কৌশল এবং প্রতিপক্ষের সামরিক পরিকল্পনা ব্যাহত করার প্রস্তুতিও নেওয়া হয়েছে।
এদিকে সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র ইরানের আশপাশের এলাকায় যুদ্ধজাহাজসহ উল্লেখযোগ্য সামরিক উপস্থিতি জোরদার করেছে। একই সময় দুই দেশের মধ্যে আলোচনার উদ্যোগের কথা জানা গেলেও সমাধান ব্যর্থ হলে মার্কিন বাহিনী ইরানে হামলা চালাতে পারে—এমন আশঙ্কাও তৈরি হয়েছে।
এরই মধ্যে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্র যদি ইরানে হামলা চালায়, তাহলে তার প্রভাব পুরো অঞ্চলে ছড়িয়ে পড়তে পারে এবং পরিস্থিতি বড় ধরনের সংঘাতে রূপ নিতে পারে।