আসামে ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্ত ২২ হাজারেরও বেশি মানুষ The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

আসামে ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্ত ২২ হাজারেরও বেশি মানুষ

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 29, 2026 ইং
আসামে ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্ত ২২ হাজারেরও বেশি মানুষ ছবির ক্যাপশন:

ভারত ও পার্শ্ববর্তী অরুণাচল প্রদেশে টানা ভারি বৃষ্টিপাতের কারণে আসামে তীব্র বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বন্যার প্রথম ধাক্কাতেই রাজ্যের অন্তত ছয়টি জেলার ২২ হাজারের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে সরকারি কর্মকর্তারা জানিয়েছেন।

অবিরাম বৃষ্টির ফলে ব্রহ্মপুত্র নদ এবং এর উপনদীগুলোর পানি দ্রুত বৃদ্ধি পাওয়ায় বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা ও প্লাবনের ঘটনা ঘটেছে। আসাম রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ধেমাজি, নলবাড়ি, ডিব্রুগড়, চিরাং, লখিমপুর ও কোকড়াঝাড় জেলার মোট ২২ হাজার ১২৪ জন মানুষ বন্যার প্রভাবে পড়েছেন।

এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ধেমাজি জেলা। সেখানে ১৫ হাজার ৪৮৩ জন মানুষ ক্রমাগত বাড়তে থাকা পানির কারণে চরম দুর্ভোগের মধ্যে রয়েছেন। সরকারি হিসাব অনুযায়ী, বন্যার পানিতে ৯৬টি গ্রাম প্লাবিত হয়েছে এবং প্রায় এক হাজার ৬৯০ হেক্টর ফসলি জমি সম্পূর্ণ নষ্ট হয়েছে। পাশাপাশি প্রায় ৪৮ হাজার ১৯৯টি গবাদি পশু ও অন্যান্য প্রাণীও বন্যার প্রভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

এদিকে শিবসাগর জেলার নাঙ্গলামুরাঘাট এলাকায় দিসাং নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ভারি বর্ষণের প্রভাবে ধেমাজি জেলার শিমেন নদীর ওপর নির্মিত একটি রেলসেতুর অংশবিশেষ ধসে পড়েছে বলে নিশ্চিত করেছে উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ধেমাজি ও আশপাশের এলাকায় ১১০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

রেলসেতুর একটি স্তম্ভ নদীতীর ভাঙনের কারণে ভারসাম্য হারিয়ে অস্থিতিশীল হয়ে পড়ায় আর্চিপাথার ও সিমন চাপারি স্টেশনের মধ্যবর্তী অংশে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। তবে এটি কম ব্যবহৃত একটি শাখা রেললাইন হওয়ায় এবং বন্যার কারণে আগেই ট্রেন চলাচল স্থগিত থাকায় কোনো দুর্ঘটনা বা হতাহতের ঘটনা ঘটেনি।

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনসুকিয়া বিভাগের মুরকংসেলেক ও সিলাপাথারের মধ্যেও ট্রেন চলাচল বন্ধ থাকবে। যাত্রীদের যাতায়াত সহজ করতে বিশেষ বাসের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি ধেমাজি, সিলাপাথার ও মুরকংসেলেক স্টেশনে হেল্প ডেস্ক চালু করা হয়েছে। জেলা প্রশাসন ও রাজ্য সরকারের সহযোগিতায় উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নির্বাচনী তফসিলের পর সেনাবাহিনীর অভিযানে আটক ১৭৭৪

নির্বাচনী তফসিলের পর সেনাবাহিনীর অভিযানে আটক ১৭৭৪