দীর্ঘ দেড় যুগ পর মহান স্বাধীনতা দিবসে আবারও অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী কুচকাওয়াজ। বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল ১০টায় রাজধানীর আগারগাঁওয়ের জাতীয় প্যারেড গ্রাউন্ড-এ জমকালো এই আয়োজন শুরু হয়।
অনুষ্ঠানে সালাম গ্রহণ করেন মো. সাহাবুদ্দিন। এসময় উপস্থিত ছিলেন তারেক রহমান এবং তার কন্যা ব্যারিস্টার জাইমা রহমান।
কুচকাওয়াজের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেন নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল এস এম আসাদুল হক। তিনি ঘোড়ায় চড়ে প্যারেড গ্রাউন্ডে এসে দায়িত্ব গ্রহণ করেন এবং রাষ্ট্রপতিকে নিয়ে কুচকাওয়াজ পরিদর্শন করেন।
অনুষ্ঠানের শুরুতেই সামরিক শোভাযাত্রার মধ্য দিয়ে প্রধানমন্ত্রী প্যারেড গ্রাউন্ডে প্রবেশ করেন। এরপর রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী ও তিন বাহিনীর প্রধানরা।
পরে সশস্ত্র সালাম গ্রহণের মাধ্যমে শুরু হয় কুচকাওয়াজ। একে একে বিভিন্ন কন্টিনজেন্ট রাষ্ট্রপতিকে সালাম জানিয়ে মঞ্চ অতিক্রম করে।
এবারের কুচকাওয়াজে অংশ নেয় বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ বিমানবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ, বাংলাদেশ পুলিশ এবং বাংলাদেশ আনসার ও ভিডিপিসহ বিভিন্ন বাহিনীর সদস্যরা।
বিশেষ আকর্ষণ হিসেবে ছিল প্যারাট্রুপারদের অংশগ্রহণ, যেখানে তারা জাতীয় পতাকা নিয়ে আকাশপথে অবতরণ করেন। এরপর বিমানবাহিনীর মনোমুগ্ধকর ফ্লাইপাস্ট দর্শকদের মুগ্ধ করে।
সকাল থেকেই হাজারো দর্শনার্থী কুচকাওয়াজ দেখতে প্যারেড গ্রাউন্ডে ভিড় করেন। শিশু-কিশোরসহ বিভিন্ন বয়সী মানুষ জাতীয় পতাকা হাতে এই আয়োজন উপভোগ করেন।
এই আয়োজনের মাধ্যমে দেশের প্রতিরক্ষা সক্ষমতা প্রদর্শনের পাশাপাশি স্বাধীনতার চেতনা নতুন করে সবার মাঝে জাগ্রত হয়েছে।
কসমিক ডেস্ক