হান্টাভাইরাস নিয়ে নতুন সতর্কতা, মানুষ থেকে মানুষে ছড়াতে পারে The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

হান্টাভাইরাস নিয়ে নতুন সতর্কতা, মানুষ থেকে মানুষে ছড়াতে পারে

  • নিউজ প্রকাশের তারিখ : May 10, 2026 ইং
হান্টাভাইরাস নিয়ে নতুন সতর্কতা, মানুষ থেকে মানুষে ছড়াতে পারে ছবির ক্যাপশন:

হান্টাভাইরাস নিয়ে নতুন এক গবেষণায় উদ্বেগজনক তথ্য উঠে এসেছে। বিশেষজ্ঞরা বলছেন, ভাইরাসটির একটি নির্দিষ্ট ধরন—অ্যান্ডিস স্ট্রেইন—মানুষ থেকে মানুষে ছড়াতে পারে, যা আগে সাধারণভাবে স্বীকৃত ছিল না। সাধারণত এই ভাইরাস ইঁদুরের মল, মূত্র বা লালার মাধ্যমে ছড়ায় বলে জানা ছিল। তবে নতুন গবেষণায় দেখা যাচ্ছে, ঘনিষ্ঠ সংস্পর্শেও এটি সংক্রমিত হতে পারে।

দক্ষিণ আমেরিকা থেকে ইউরোপগামী এমভি হন্ডিয়াস নামের একটি প্রমোদতরীতে হান্টাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেওয়ার পর বিষয়টি আলোচনায় আসে। জাহাজটিতে প্রায় ১৫০ জন যাত্রী ছিলেন। এর মধ্যে এখন পর্যন্ত পাঁচজন যাত্রী ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন বলে নিশ্চিত করা হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, আক্রান্ত ব্যক্তির লালা বা শ্লেষ্মার মাধ্যমে ভাইরাস ছড়াতে পারে। ফলে চুম্বন, পানীয় ভাগ করে খাওয়া কিংবা খুব কাছাকাছি অবস্থানে কাশি বা হাঁচির মাধ্যমে সংক্রমণ ঘটতে পারে। এটি আগের ধারণার তুলনায় নতুন একটি ঝুঁকির দিক উন্মোচন করেছে।

গবেষণায় আরও বলা হয়েছে, পরিবারের সদস্যদের তুলনায় যৌন সঙ্গীদের মধ্যে সংক্রমণের ঝুঁকি প্রায় ১০ গুণ বেশি। এই তথ্য ভাইরাসটির ঘনিষ্ঠ সংস্পর্শে ছড়ানোর সম্ভাবনাকে আরও স্পষ্ট করে তুলেছে।

ঘটনার সূত্রপাত হয় ধারণা করা দুই ডাচ পর্যটকের মাধ্যমে, যারা দক্ষিণ আমেরিকায় ভ্রমণের সময় ইঁদুরের মাধ্যমে সংক্রমিত হন। পরবর্তীতে তারা জাহাজে থাকা অন্যান্য যাত্রীদের মধ্যে ভাইরাসটি ছড়িয়ে দেন বলে ধারণা করা হচ্ছে।

গত ১ এপ্রিল আর্জেন্টিনা থেকে যাত্রা শুরু করা ওই প্রমোদতরীতে ধীরে ধীরে পরিস্থিতি জটিল হতে থাকে। ১১ এপ্রিল একজন যাত্রীর মৃত্যু হয় এবং ২৪ এপ্রিল কয়েকজন যাত্রী সেন্ট হেলেনা দ্বীপে নেমে যান। বর্তমানে আন্তর্জাতিক কর্তৃপক্ষ তাদের খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছে।

তবে বিশেষজ্ঞরা সাধারণ মানুষের জন্য বড় ধরনের আতঙ্কের কোনো কারণ নেই বলে জানিয়েছেন। তাদের মতে, করোনা বা ইনফ্লুয়েঞ্জার তুলনায় হান্টাভাইরাস অনেক কম সংক্রামক। বিশেষ করে এটি মূলত নির্দিষ্ট পরিবেশে, যেমন বন্ধ জাহাজ বা ঘনিষ্ঠ সংস্পর্শের পরিস্থিতিতে বেশি ছড়ায়।

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক স্যার অ্যান্ড্রু পোলার্ড জানিয়েছেন, এই ভাইরাসের ছড়িয়ে পড়ার গতি কোনোভাবেই মহামারি আকার নেওয়ার মতো নয়। আক্রান্তদের দ্রুত আলাদা করা এবং কোয়ারেন্টাইন ব্যবস্থা নিলে সংক্রমণ সহজেই নিয়ন্ত্রণে আনা সম্ভব।

বিশেষজ্ঞরা আরও বলছেন, এই প্রাদুর্ভাব ভাইরাসের নতুন কোনো বিবর্তন নয়, বরং পরিবেশগত পরিস্থিতির কারণে সংক্রমণ বেড়েছে। ফলে সাধারণ জনগণের মধ্যে অযথা আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই, তবে সতর্কতা বজায় রাখা জরুরি।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
২৬তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন জুবায়ের রহমান চৌধুরী

২৬তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন জুবায়ের রহমান চৌধুরী