চিকিৎসকের পরামর্শে স্বাস্থ্য পরীক্ষা ও অস্ত্রোপচারের ফলোআপের জন্য আজ শনিবার (৯ মে) লন্ডনের উদ্দেশে দেশ ছাড়ছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি বাণিজ্যিক ফ্লাইটে সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্তরাজ্যের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে তার।
রাষ্ট্রপতির সহকারী প্রেসসচিব এস এম রাহাত হাসনাত শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী রাষ্ট্রপতির নিয়মিত ফলোআপ চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করা হবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, যুক্তরাজ্যের কেমব্রিজের একটি বিশেষায়িত হাসপাতালে রাষ্ট্রপতির প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা করা হবে। পরীক্ষা শেষে আগামী ১৭ মে লন্ডন থেকে বাংলাদেশ বিমান এয়ারলাইনসের একটি ফ্লাইটে দেশের উদ্দেশে রওনা দেবেন তিনি। ১৮ মে সকালে তার ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
এই সফরে রাষ্ট্রপতির সহধর্মিণী ড. রেবেকা সুলতানা, পরিবারের সদস্য, ব্যক্তিগত চিকিৎসক এবং বঙ্গভবনের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা সফরসঙ্গী হিসেবে থাকবেন।
উল্লেখ্য, ২০২৩ সালের ১৮ অক্টোবর সিঙ্গাপুরে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কার্ডিয়াক বাইপাস সার্জারি সম্পন্ন হয়েছিল। এরপর চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও ফলোআপ কার্যক্রম চলমান রয়েছে।
২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর এই প্রথম বিদেশ সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি। এর আগে অন্তর্বর্তী সরকারের সময় তার বিদেশযাত্রা দুই দফা স্থগিত হয়েছিল বলে বিভিন্ন গণমাধ্যমে তিনি উল্লেখ করেছিলেন।
গত ফেব্রুয়ারিতে বিএনপি নেতৃত্বাধীন সরকার গঠনের পর এটিই রাষ্ট্রপতির প্রথম বিদেশ সফর হিসেবে দেখা হচ্ছে। রাজনৈতিক অঙ্গনেও সফরটি নিয়ে আলোচনা রয়েছে।
কসমিক ডেস্ক