‘জেনেশুনে ভুল করা ক্রাইম’, বিপিএল ইস্যুতে বিসিবিকে সতর্ক করলেন তামিম The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

‘জেনেশুনে ভুল করা ক্রাইম’, বিপিএল ইস্যুতে বিসিবিকে সতর্ক করলেন তামিম

  • নিউজ প্রকাশের তারিখ : May 7, 2026 ইং
‘জেনেশুনে ভুল করা ক্রাইম’, বিপিএল ইস্যুতে বিসিবিকে সতর্ক করলেন তামিম ছবির ক্যাপশন:

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সাম্প্রতিক দুই আসর ঘিরে নানা বিতর্ক ও সমালোচনার পর এবার টুর্নামেন্টের আয়োজন পদ্ধতি নিয়ে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বর্তমান সভাপতি তামিম ইকবাল।

বৃহস্পতিবার মিরপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তামিম বলেন, শুধু আয়োজনের জন্য বিপিএল আয়োজনের পক্ষে নন তিনি। তার ভাষায়, “আমি জোড়াতালি দিয়ে বিপিএলের মতো টুর্নামেন্ট করবো না। আমরা যদি ফ্র্যাঞ্চাইজি না পাই, তাহলে আমার মনে হয় বিপিএল করা উচিত না। শুধু করার জন্য বিপিএল করার চেয়ে না করাই ভালো।”

তিনি আরও বলেন, নিয়মিত বিপিএল আয়োজনের পক্ষে তিনি থাকলেও সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে নির্ভরযোগ্য ফ্র্যাঞ্চাইজি নিশ্চিত করা। সঠিক পরিকল্পনা ও পেশাদার ব্যবস্থাপনা ছাড়া টুর্নামেন্ট পরিচালনা করলে সেটি শেষ পর্যন্ত বিসিবির জন্যই ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায় বলেও মন্তব্য করেন তিনি।

তামিম বলেন, “আমি যদি এমন কিছু করি যার কারণে বিসিবি ভোগান্তিতে পড়ে, তাহলে আমাকে জবাবদিহি করতে হবে। ভুল হতেই পারে, কিন্তু জেনেশুনে ভুল করা অপরাধের মতো।”

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিসিবির অ্যাডহক কমিটির সদস্য ফাহিম সিনহাও। তিনি জানান, সবশেষ বিপিএল আসরে অংশ নেওয়া দুটি দলের সঙ্গে আনুষ্ঠানিক কোনো চুক্তিই হয়নি।

ফাহিম সিনহা বলেন, “দুটি দলের সঙ্গে কোনো চুক্তি হয়নি, অথচ তারা একটি আসর খেলে ফেলেছে। চট্টগ্রাম রয়্যালসের দায়িত্ব পরে বিসিবিকে নিতে হয়েছে। এই ভুল সিদ্ধান্তের ফল এখন ভোগ করতে হচ্ছে।”

তিনি আরও জানান, ভবিষ্যতে যেন এমন পরিস্থিতি তৈরি না হয়, সে বিষয়ে বিসিবি সতর্ক থাকবে। খেলোয়াড়দের চুক্তি প্রক্রিয়ায়ও আরও সুস্পষ্ট দিকনির্দেশনা দেওয়ার পরিকল্পনার কথা জানান তিনি। কোয়াব সভাপতি খালেদ মাহমুদ সুজনের সঙ্গে এ বিষয়ে আলোচনা হয়েছে বলেও উল্লেখ করেন ফাহিম সিনহা।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
দীর্ঘ কারাভোগ শেষে মুক্তি পেলেন অভিনেতা সিদ্দিকুর রহমান

দীর্ঘ কারাভোগ শেষে মুক্তি পেলেন অভিনেতা সিদ্দিকুর রহমান