চরফ্যাশনে কোস্ট ফাউন্ডেশনের নির্মাণকাজে বাধা দেওয়ার অভিযোগ The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

চরফ্যাশনে কোস্ট ফাউন্ডেশনের নির্মাণকাজে বাধা দেওয়ার অভিযোগ

  • নিউজ প্রকাশের তারিখ : May 7, 2026 ইং
চরফ্যাশনে কোস্ট ফাউন্ডেশনের নির্মাণকাজে বাধা দেওয়ার অভিযোগ ছবির ক্যাপশন:

ভোলা জেলার চরফ্যাশন উপজেলার চর মানিকা ইউনিয়নে কোস্ট ফাউন্ডেশনের একটি প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণকাজ ঘিরে বিরোধের সৃষ্টি হয়েছে। সংস্থাটির অভিযোগ, বৈধভাবে ক্রয় করা জমিতে উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনার সময় একটি স্বার্থান্বেষী মহল বাধা সৃষ্টি করছে। একই সঙ্গে জমি দখলের চেষ্টা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর ও মানহানিকর প্রচারণা চালানো হচ্ছে বলেও দাবি করেছে প্রতিষ্ঠানটি।

বৃহস্পতিবার (৭ মে) কোস্ট চরফ্যাশন সেন্টার আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরা হয়। সংবাদ সম্মেলনে সংস্থাটির প্রতিনিধিরা জানান, চর মানিকা এলাকায় ৬৯ শতক জমি ২০২১ সালে ৩২ লাখ টাকার বিনিময়ে আইনগত প্রক্রিয়া অনুসরণ করে ক্রয় করা হয়। জমির মালিকানার স্বপক্ষে দলিল, খতিয়ান, প্লট রেফারেন্স, জরিপ মানচিত্র এবং সরকারি অধিগ্রহণপত্রসহ প্রয়োজনীয় সব নথি তাদের কাছে সংরক্ষিত রয়েছে।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, গত ১৮ এপ্রিল ওই জমিতে নিজস্ব অর্থায়নে ‘কোস্ট রিসোর্স ও কীটনাশক প্রদর্শনী ও প্রশিক্ষণ কেন্দ্র’ নির্মাণের কাজ শুরু করা হয়। প্রস্তাবিত এ কেন্দ্র স্থানীয় জনগণের দক্ষতা উন্নয়ন, প্রশিক্ষণ প্রদান, সক্ষমতা বৃদ্ধি এবং টেকসই জীবিকা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছে সংস্থাটি।

তবে নির্মাণকাজ শুরু হওয়ার পর থেকেই কিছু ব্যক্তি ও গোষ্ঠী বিভিন্নভাবে কাজে বাধা দিচ্ছে বলে অভিযোগ করা হয়েছে। কোস্ট ফাউন্ডেশনের দাবি, তারা কোনো ব্যক্তির জমি বেআইনিভাবে দখল করেনি এবং সবসময় আইন ও প্রশাসনিক প্রক্রিয়ার প্রতি সম্মান দেখিয়ে কাজ পরিচালনা করে আসছে। অথচ একটি পক্ষ উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পরিস্থিতি জটিল করার চেষ্টা করছে।

ঘটনার পরিপ্রেক্ষিতে গত ১৯ এপ্রিল দক্ষিণ আইচা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়। সংস্থাটির ভাষ্য অনুযায়ী, স্থানীয় প্রশাসনের উপস্থিতিতে বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে আলোচনার সময় অভিযোগকারী পক্ষ জমির মালিকানার পক্ষে কোনো বৈধ কাগজপত্র উপস্থাপন করতে পারেনি।

কোস্ট ফাউন্ডেশন তাদের বৈধ নির্মাণকাজে বাধা প্রদানকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে। পাশাপাশি কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে চালানো বিভ্রান্তিকর প্রচারণা বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর হস্তক্ষেপ কামনা করেছে তারা।

সংস্থাটি আশা প্রকাশ করেছে, প্রশাসনিক সহযোগিতা এবং আইনি প্রক্রিয়ার মাধ্যমে দ্রুত এ সমস্যার সমাধান হবে। একই সঙ্গে স্থানীয় জনগণের উন্নয়ন, প্রশিক্ষণ ও কল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে কোস্ট ফাউন্ডেশন।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চোখের স্বাস্থ্য রক্ষার জন্য স্মার্টফোন ব্যবহারের ৬টি টিপস

চোখের স্বাস্থ্য রক্ষার জন্য স্মার্টফোন ব্যবহারের ৬টি টিপস