রাজধানীতে সরকারি সেবাকেন্দ্রগুলোকে আরও জনবান্ধব ও নারী-শিশুবান্ধব করতে নতুন উদ্যোগ নিয়েছে ঢাকা জেলা প্রশাসন। এর অংশ হিসেবে Dhaka Deputy Commissioner's Office-এ স্থাপন করা হয়েছে আধুনিক ‘ব্রেস্ট ফিডিং কর্নার’ বা মাতৃদুগ্ধ পানকক্ষ।
বৃহস্পতিবার বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের নির্ধারিত স্থানে এই কর্নারের উদ্বোধন করেন ঢাকা জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট Farida Khanam।
উদ্বোধনী অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, নারী ও শিশুবান্ধব বাংলাদেশ গড়ার লক্ষ্য বাস্তবায়নে সরকার কাজ করছে। প্রতিদিন জেলা প্রশাসকের কার্যালয়ে বিপুলসংখ্যক মানুষ বিভিন্ন সেবা নিতে আসেন। তাদের মধ্যে অনেক মাও থাকেন, যাদের সঙ্গে দুগ্ধপোষ্য শিশু থাকে।
তিনি জানান, জনসমক্ষে শিশুদের বুকের দুধ খাওয়াতে গিয়ে অনেক মা অস্বস্তি ও বিড়ম্বনার মুখে পড়েন। সেই সমস্যার সমাধান এবং শিশুদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যে মাতৃদুগ্ধ পান নিশ্চিত করার লক্ষ্যেই এই বিশেষ কর্নার স্থাপন করা হয়েছে।
জেলা প্রশাসক আরও বলেন, এই উদ্যোগ শুধু সেবাগ্রহীতা মায়েদের জন্যই নয়, বরং কার্যালয়ে কর্মরত নারী কর্মকর্তাদের কর্মপরিবেশ আরও স্বাচ্ছন্দ্যময় করতেও সহায়ক হবে।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, নবনির্মিত ব্রেস্ট ফিডিং কর্নারটি স্বাস্থ্যসম্মত ও আধুনিকভাবে সাজানো হয়েছে। সেখানে মায়েদের বসার আরামদায়ক ব্যবস্থা রাখা হয়েছে। পাশাপাশি শিশুদের জন্য ছোট খেলনা এবং গোপনীয়তা রক্ষায় প্রয়োজনীয় পর্দার ব্যবস্থাও রাখা হয়েছে।
এই উদ্যোগ ইতোমধ্যে সাধারণ সেবাগ্রহীতা ও নারী কর্মীদের প্রশংসা অর্জন করেছে। অনেকেই এটিকে সময়োপযোগী এবং মানবিক উদ্যোগ হিসেবে দেখছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক, নেজারত ডেপুটি কালেক্টরসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। তারা ভবিষ্যতেও জনসেবার মান উন্নয়নে এমন উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
কসমিক ডেস্ক