দক্ষিণ ভারতীয় সুপারস্টার Prabhas অভিনীত নতুন সিনেমা Fauji-এর শুটিং টিম ভয়াবহ সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে। এই দুর্ঘটনায় সিনেমাটির একজন ক্রু সদস্য নিহত হয়েছেন এবং আরও পাঁচজন আহত হয়েছেন। মর্মান্তিক এ ঘটনার পর সিনেমাটির শুটিং অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে প্রযোজনা কর্তৃপক্ষ।
জানা গেছে, ভোরের দিকে হায়দরাবাদের Ramoji Film City-তে শুটিংয়ের উদ্দেশ্যে যাচ্ছিলেন টিমের সদস্যরা। পথে আবদুল্লাপুরমেট এলাকায় তাদের বহনকারী গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি সিমেন্টের ডিভাইডারে সজোরে ধাক্কা মারে।
দুর্ঘটনার আঘাত এতটাই তীব্র ছিল যে ঘটনাস্থলেই একজন ক্রু সদস্য মারা যান। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ও স্থানীয় প্রশাসন আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। আহতদের চিকিৎসা চলছে বলে জানা গেছে।
সিনেমাটির প্রায় ৮০ শতাংশ কাজ ইতোমধ্যে শেষ হয়েছিল। বাকি অংশে প্রভাসকে নিয়ে তিনটি বড় অ্যাকশন দৃশ্য ধারণ করার পরিকল্পনা ছিল। তবে দুর্ঘটনার কারণে আপাতত সব ধরনের শুটিং কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।
ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান Mythri Movie Makers নিহত ও আহতদের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছে। একই সঙ্গে তারা জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক হলে আবারও শুটিং শুরু করা হবে। প্রযোজকদের লক্ষ্য, ২০২৬ সালের অক্টোবর মাসে সিনেমাটি মুক্তি দেওয়া।
সম্প্রতি এই সিনেমার সেট থেকে কিছু ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছিল। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করে প্রযোজনা সংস্থা জানিয়েছিল, অনুমতি ছাড়া শুটিং সেটের ছবি বা ভিডিও প্রকাশ করা আইনত অপরাধ এবং এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এই সিনেমায় প্রভাসের বিপরীতে প্রথমবার অভিনয় করছেন Imanvi। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে বলিউড অভিনেতা Mithun Chakraborty এবং অভিনেত্রী Jaya Prada-কে।
বর্তমানে পুরো শুটিং ইউনিট দুর্ঘটনার শোক কাটিয়ে ওঠার চেষ্টা করছে। চলচ্চিত্রসংশ্লিষ্ট অনেকেই হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। সিনেমাপ্রেমীদের মধ্যেও এ ঘটনায় গভীর উদ্বেগ তৈরি হয়েছে।
কসমিক ডেস্ক