আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চলমান কার্যক্রম পরিদর্শন করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। পরিদর্শন শেষে তিনি বলেন, বর্তমান ট্রাইব্যুনালের কার্যক্রম নিয়ে এখন পর্যন্ত কোনো প্রশ্ন তোলার মতো দিক তিনি পাননি।
সোমবার (৪ মে) ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
তিনি বলেন, “বর্তমান ট্রাইব্যুনালের কার্যক্রমে কোনো অনিয়ম বা প্রশ্ন তোলার মতো বিষয় পাইনি। যদি ভবিষ্যতে কোনো সমস্যা দেখা দেয়, তা অবশ্যই পর্যালোচনা করা হবে।”
আইনমন্ত্রী আরও বলেন, বিচার ব্যবস্থায় ন্যায়বিচার নিশ্চিত করাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। মামলার সংখ্যা বাড়ানো নয়, বরং সঠিক বিচার নিশ্চিত করাই সরকারের লক্ষ্য।
তিনি জানান, প্রসিকিউশনের কার্যক্রম নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
এ সময় তিনি সুপ্রিম কোর্টের বিভিন্ন প্রশাসনিক সিদ্ধান্ত, বিচারপতিদের অবসরের বয়স এবং বিচার বিভাগের উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে সরকারের অবস্থানও তুলে ধরেন।
তিনি বলেন, বিচারকদের অভিজ্ঞতা যত বাড়বে, বিচার ব্যবস্থাও তত শক্তিশালী হবে।
শাপলা চত্বরসহ বিভিন্ন আলোচিত ঘটনার বিচার প্রক্রিয়া প্রসঙ্গে তিনি জানান, সংশ্লিষ্ট তদন্ত ও প্রসিকিউশন দল নিজস্ব গতিতে কাজ করছে এবং সরকার বিষয়টি পর্যবেক্ষণ করছে।
সবশেষে তিনি বলেন, আইন মন্ত্রণালয় বিচার ব্যবস্থাকে আরও কার্যকর ও জনবান্ধব করতে কাজ করছে।
কসমিক ডেস্ক