নরসিংদী জেলা ছাত্রদলের নবঘোষিত পূর্ণাঙ্গ কমিটিকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে এক ফেসবুক পোস্ট, যা নিয়ে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা চলছে।
গত ১ মে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল-এর কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির স্বাক্ষরিত কমিটিতে নরসিংদী জেলা ছাত্রদলের ২ নম্বর সহ-সভাপতি পদে সজীব পাল জুম্মনের নাম অন্তর্ভুক্ত হয়।
কমিটি ঘোষণার পর তার স্ত্রী সামাজিক যোগাযোগমাধ্যমে স্বামী-স্ত্রীর ছবি ও কমিটির তালিকা শেয়ার করে লিখেন, “প্রাণঢালা অভিনন্দন জামাই। নরসিংদী জেলা ছাত্রদলের ২নং সহ-সভাপতি।”
এই পোস্টটি দ্রুত ছড়িয়ে পড়লে তা নিয়ে শুরু হয় সমালোচনা। অনেকেই দাবি করেন, ছাত্রদলের গঠনতন্ত্র অনুযায়ী বিবাহিতদের গুরুত্বপূর্ণ পদে রাখা নিয়ে প্রশ্ন উঠছে।
সামাজিক মাধ্যমে কেউ কেউ ব্যঙ্গাত্মক মন্তব্য করেন, আবার কেউ বিষয়টিকে কমিটির অভ্যন্তরীণ দুর্বলতার প্রমাণ হিসেবে দেখছেন।
এদিকে কমিটিতে স্থান না পাওয়া কিছু নেতাকর্মী অভিযোগ করেন, দীর্ঘদিনের ত্যাগী ও রাজপথের কর্মীদের বাদ দিয়ে বিতর্কিত ও প্রবাসে থাকা ব্যক্তিদেরও পদ দেওয়া হয়েছে।
নরসিংদী জেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব মাঈনউদ্দিন ভূঁইয়া বলেন, আন্দোলনের সময় যারা মাঠে ছিলেন, তাদের অনেকেই মূল্যায়িত হননি। বরং প্রবাসে থাকা ব্যক্তিরাও কমিটিতে স্থান পেয়েছেন, যা হতাশাজনক।
এই ঘটনায় স্থানীয় ছাত্ররাজনীতিতে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে বলে জানা গেছে।
কসমিক ডেস্ক