আলোচিত ‘এক-এগারো’ অধ্যায়ের অন্যতম বিতর্কিত চরিত্র, সাবেক সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী, অর্থপাচার মামলায় পাঁচ দিনের রিমান্ড পেয়েছেন। মঙ্গলবার (২৪ মার্চ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাইদ আদালত এই রিমান্ড অনুমোদন করেন।
ডিবি পুলিশের সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (দক্ষিণ) বিভাগের এসআই রায়হানুর রহমান তাকে আদালতে তোলেন এবং তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে রিমান্ডের আবেদন করেন। আদালত শুনানি শেষে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ড আবেদনে বলা হয়, মামলার তদন্তকালে মাসুদ উদ্দিন চৌধুরী পলাতক ছিলেন। ডিবি পুলিশের একটি চৌকস টিম তার অবস্থান নির্ণয় করে বারিধারা ডিওএইচএসের বাসা থেকে তাকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি মামলার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করেন। পাঁচ দিনের রিমান্ডে তাকে জিজ্ঞাসাবাদ করলে মূল অপরাধী চক্র চিহ্নিতকরণ, পলাতক আসামি গ্রেপ্তার, চাঁদার টাকা উদ্ধার ও অন্যান্য প্রক্রিয়া এগোতে সাহায্য করবে।
এর আগে, সোমবার (২৩ মার্চ) দিবাগত রাতে রাজধানীর বারিধারা থেকে তাকে আটক করা হয়।
কসমিক ডেস্ক