গণভোটের সংস্কার প্রস্তাব এবং একটি বিশেষ কমিটি গঠন নিয়ে সরকারের পক্ষ থেকে কোনো স্পষ্ট সিদ্ধান্ত না আসায় জাতীয় সংসদের অধিবেশন থেকে ওয়াকআউট করেছে বিরোধী দল।
বুধবার সংসদের চলমান অধিবেশনে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান-এর নেতৃত্বে বিরোধী দলের সংসদ সদস্যরা প্রতিবাদস্বরূপ কক্ষ ত্যাগ করেন।
অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে বিরোধীদলীয় নেতা বলেন, গণভোট সংস্কার ও পরিষদ গঠন বিষয়ে সরকার ও বিরোধী দলের সমানসংখ্যক সদস্য নিয়ে একটি বিশেষ কমিটি গঠন করা প্রয়োজন ছিল। তার মতে, এই কমিটি জনগণের প্রত্যাশা প্রতিফলিত করতে এবং চলমান সংকট নিরসনে কার্যকর ভূমিকা রাখতে পারতো।
তিনি অভিযোগ করেন, এ বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো সুস্পষ্ট সিদ্ধান্ত না আসায় বিরোধী দলের প্রস্তাব কার্যত উপেক্ষিত হয়েছে।
জবাবে স্পিকার জানান, বিরোধী দলের প্রস্তাব গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়েছে। তিনি বলেন, সংসদীয় ইতিহাসে মুলতবি প্রস্তাব গৃহীত হওয়ার নজির কম থাকলেও বর্তমান অধিবেশনে আলোচনার স্বার্থে তা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি সংসদীয় গণতন্ত্রে আলোচনার সুযোগ সবসময় উন্মুক্ত রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
তবে স্পিকারের এই আশ্বাসে সন্তুষ্ট হতে পারেনি বিরোধী দল। ডা. শফিকুর রহমান অভিযোগ করেন, তাদের মূল নোটিশকে পাশ কাটাতে বিকল্প একটি নোটিশ সামনে আনা হয়েছে, যা তিনি ‘জনগণের রায়ের অবমূল্যায়ন’ এবং ‘সংসদীয় রীতির লঙ্ঘন’ বলে উল্লেখ করেন।
এই প্রেক্ষাপটে তিনি দলের সব সদস্যকে নিয়ে সংসদ থেকে ওয়াকআউট করার ঘোষণা দেন।
ওয়াকআউটের সময় স্পিকার বলেন, সংসদীয় রীতিতে বিরোধী দলের ওয়াকআউট করার অধিকার রয়েছে।
পরে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ তার বক্তব্যে বলেন, সংসদীয় রাজনীতিতে ওয়াকআউট একটি স্বাভাবিক ঘটনা হলেও আলোচনার মাধ্যমেই সব সমস্যার সমাধান সম্ভব।
বিরোধী দলের অনুপস্থিতিতেই সংসদের পরবর্তী কার্যক্রম চালিয়ে যাওয়া হয়।
কসমিক ডেস্ক