খালেদা জিয়ার জানাজা: শেষ মুহূর্তের প্রস্তুতি, সংসদ ভবন এলাকায় জনতার ঢল The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

খালেদা জিয়ার জানাজা: শেষ মুহূর্তের প্রস্তুতি, সংসদ ভবন এলাকায় জনতার ঢল

  • নিউজ প্রকাশের তারিখ : Dec 31, 2025 ইং
খালেদা জিয়ার জানাজা: শেষ মুহূর্তের প্রস্তুতি, সংসদ ভবন এলাকায় জনতার ঢল ছবির ক্যাপশন: মানিক মিয়া অ্যাভিনিউ এলাকায় খালেদা জিয়ার জানাজা উপলক্ষে মানুষের ঢল।
ad728

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে আজ (বুধবার) বাদ জোহর দুপুর ২টায় অনুষ্ঠিত হবে। সর্বস্তরের মানুষ যেন নির্বিঘ্নে তার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে পারেন, সে জন্য সরকার সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে। জানাজা উপলক্ষে আজ সারা দেশে সাধারণ ছুটিও ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাতে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে জানানো হয়, জানাজা আয়োজনে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রধান উপদেষ্টার দপ্তরের এক ফেসবুক পোস্টে বলা হয়, জানাজার সময় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজার পরিবর্তে মানিক মিয়া অ্যাভিনিউয়ের পশ্চিম প্রান্তে খালেদা জিয়ার মরদেহবাহী কফিন রাখা হবে। জাতীয় সংসদ ভবনের ভেতরের মাঠ, বাইরের অংশ এবং মানিক মিয়া অ্যাভিনিউ জুড়ে জানাজা অনুষ্ঠিত হবে।

জানাজা শেষে বিকেল সাড়ে ৩টার দিকে শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধির পাশে রাষ্ট্রীয় মর্যাদায় খালেদা জিয়াকে সমাহিত করা হবে। এ সময় তার পরিবারের সদস্য, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি, সরকারের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, বিদেশি অতিথি, রাষ্ট্রদূত এবং বিএনপি মনোনীত নেতারা উপস্থিত থাকবেন। দাফন নির্বিঘ্নে সম্পন্ন করতে জিয়া উদ্যানে নির্ধারিত ব্যক্তিদের ছাড়া অন্যদের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

খালেদা জিয়ার মৃত্যুতে আজ বুধবার থেকে তিন দিন রাষ্ট্রীয় শোক পালন শুরু হয়েছে। এই সময় দেশের সব সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। একই সঙ্গে আজ সারা দেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

এদিকে, খালেদা জিয়ার মরদেহ এভারকেয়ার হাসপাতাল থেকে মানিক মিয়া অ্যাভিনিউয়ে নেওয়ার জন্য নির্ধারিত রুট ঘোষণা করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ডিএমপি জানায়, মরদেহটি ৩০০ ফিট এক্সপ্রেসওয়ে হয়ে কুড়িল ফ্লাইওভার অতিক্রম করে গুলশান-২ এর বাসভবন ফিরোজায় নেওয়া হবে। সেখান থেকে এয়ারপোর্ট রোড, মহাখালী ফ্লাইওভার, জাহাঙ্গীর গেট ও বিজয় সরণি হয়ে জাতীয় সংসদ ভবনের ৬ নম্বর গেট দিয়ে প্রবেশ করবে।

ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, শোক পালনের সময় ঢাকা মহানগর এলাকায় আতশবাজি, ফানুস ওড়ানো, সাংস্কৃতিক অনুষ্ঠান, র‍্যালি ও শোভাযাত্রা নিষিদ্ধ থাকবে। এছাড়া উচ্চ শব্দে হর্ন বাজানোসহ জনউপদ্রব সৃষ্টিকারী কর্মকাণ্ডও নিষিদ্ধ করা হয়েছে।

খালেদা জিয়ার জানাজায় অংশগ্রহণের সুবিধার্থে আজ অতিরিক্ত মেট্রো ট্রেন চালানোর ঘোষণা দিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। জানাজা পড়াবেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আবদুল মালেক।

জানাজা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে মানিক মিয়া অ্যাভিনিউসহ রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় ২৭ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। বিএনপি মহাসচিব এদিন শোকের পরিবেশ বজায় রাখতে নেতাকর্মীদের শৃঙ্খলা রক্ষার আহ্বান জানিয়েছেন।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
টি–টোয়েন্টি বিশ্বকাপের আগে নিরাপত্তা জোরদার কলম্বোতে

টি–টোয়েন্টি বিশ্বকাপের আগে নিরাপত্তা জোরদার কলম্বোতে