মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার প্রেক্ষাপটে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পারস্য উপসাগরের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যপথ হরমুজ প্রণালিকে ‘ট্রাম্প প্রণালি’ বলে ঠাট্টা করে তিনি আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন।
শুক্রবার (২৭ মার্চ) যুক্তরাষ্ট্রের মিয়ামিতে সৌদি আরব সমর্থিত একটি বিনিয়োগ সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে এই মন্তব্য করেন ট্রাম্প। মূলত ইরানের সঙ্গে সম্ভাব্য শান্তি চুক্তি প্রসঙ্গে কথা বলতে গিয়ে আন্তর্জাতিক তেল পরিবহনের স্বার্থে হরমুজ প্রণালি খুলে দেওয়ার গুরুত্ব তুলে ধরেন তিনি।
বক্তৃতার এক পর্যায়ে তিনি বলেন, “তাদের ‘স্ট্রেইট অব ট্রাম্প’—মানে হরমুজ—খুলে দিতে হবে। দুঃখিত, এটা বড় ভুল হয়ে গেছে।” মন্তব্যটি করার পরপরই তিনি নিজেই বিষয়টি নিয়ে প্রতিক্রিয়ার সম্ভাবনার কথা উল্লেখ করেন।
ট্রাম্প বলেন, গণমাধ্যম হয়তো এ নিয়ে সমালোচনা করবে, তবে তার ক্ষেত্রে এমন ভুল সচরাচর ঘটে না। তার এই মন্তব্যকে অনেকেই রসিকতা হিসেবে দেখলেও, আন্তর্জাতিক প্রেক্ষাপটে এটি নতুন বিতর্কের জন্ম দিয়েছে।
হরমুজ প্রণালি বিশ্ব জ্বালানি বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জলপথ। মধ্যপ্রাচ্যের তেলসমৃদ্ধ দেশগুলো থেকে উৎপাদিত বিপুল পরিমাণ জ্বালানি এই প্রণালি দিয়ে বিশ্ববাজারে পরিবহন করা হয়। ফলে এই অঞ্চলের যেকোনো উত্তেজনা সরাসরি বৈশ্বিক অর্থনীতি ও জ্বালানি বাজারে প্রভাব ফেলে।
বিশ্লেষকদের মতে, এমন সংবেদনশীল একটি ইস্যুতে মার্কিন প্রেসিডেন্টের এই ধরনের মন্তব্য কূটনৈতিকভাবে বিব্রতকর পরিস্থিতি তৈরি করতে পারে। বিশেষ করে যখন ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা বিরাজ করছে, তখন এই ধরনের বক্তব্য পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।
কসমিক ডেস্ক