চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী বন্ধুর মৃত্যু হয়েছে। এতে আরও একজন আহত হয়েছেন।
বুধবার দিবাগত রাত প্রায় ৪টার দিকে বরইতলী ইউনিয়নের ভিলেজার পাড়াস্থ এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে চিরিঙ্গা হাইওয়ে থানা পুলিশ।
নিহতরা হলেন উত্তরখান এলাকার বাসিন্দা শরিফুল ইসলাম (৩০) এবং রাইসুল ইসলাম শিশির (৩০)। তারা দুজনই বন্ধু ছিলেন এবং মোটরসাইকেলে করে ঢাকাসহ চট্টগ্রাম হয়ে কক্সবাজার যাচ্ছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা থেকে কক্সবাজারগামী লাল সবুজ পরিবহনের একটি যাত্রীবাহী বাস দ্রুত ও বেপরোয়া গতিতে চলছিল। একই লেনে থাকা দুটি মোটরসাইকেল এবং একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয় বাসটি।
এতে ঘটনাস্থলেই দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয় এবং আরও একজন আহত হন। দুর্ঘটনার পরপরই স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।
চিরিঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আরিফুল আমিন জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। দুর্ঘটনাকবলিত বাস ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
তিনি আরও জানান, আইনগত প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা সড়কে বেপরোয়া যান চলাচল নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।
কসমিক ডেস্ক