১৮০ দিনে ১ হাজার কিলোমিটার খাল খননের লক্ষ্য সরকারের The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

১৮০ দিনে ১ হাজার কিলোমিটার খাল খননের লক্ষ্য সরকারের

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 16, 2026 ইং
১৮০ দিনে ১ হাজার কিলোমিটার খাল খননের লক্ষ্য সরকারের ছবির ক্যাপশন:

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আলম বলেছেন, দেশের জলাবদ্ধতা নিরসন, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং পরিবেশের ভারসাম্য রক্ষার লক্ষ্যে সরকার বড় আকারের খাল পুনঃখনন কর্মসূচি হাতে নিয়েছে।

তিনি জানান, আগামী ১৮০ দিনের মধ্যে দেশের বিভিন্ন এলাকায় এক হাজার কিলোমিটার খাল খনন করা হবে। পাশাপাশি আগামী পাঁচ বছরে মোট ৩০ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।

সোমবার (১৬ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে গাজীপুরের টঙ্গী ও পূবাইল থানার মধ্যবর্তী নিমতলী রেলগেট সংলগ্ন বালুর মাঠ এলাকায় খাল পুনঃখনন কাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, দেশের কৃষি উন্নয়নে খাল খননের গুরুত্ব অনেক বেশি। অতীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান খাল কাটার কর্মসূচি শুরু করে কৃষিক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন এনেছিলেন।

তিনি বলেন, সেই ধারাবাহিকতায় তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার আবারও খাল পুনঃখননের উদ্যোগ নিয়েছে।

এর মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলে মৃতপ্রায় খালগুলো পুনরুজ্জীবিত হবে এবং কৃষিক্ষেত্রে সেচব্যবস্থা আরও উন্নত হবে বলে আশা করা হচ্ছে।

ফকির মাহবুব আলম বলেন, বর্তমান সরকার শুধু প্রতিশ্রুতি দিয়ে থেমে থাকে না, বরং তা বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেয়।

তিনি জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর অল্প সময়ের মধ্যেই সরকার মানুষের কল্যাণে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন শুরু করেছে।

এর মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি ইতোমধ্যে চালু করা হয়েছে। এছাড়া খুব শিগগিরই কৃষকদের মাঝে কৃষি কার্ড বিতরণ করা হবে বলেও জানান তিনি।

মন্ত্রী বলেন, কৃষক দেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি। তাই কৃষকদের সহায়তায় সরকার বিভিন্ন কর্মসূচি গ্রহণ করছে।

তিনি আরও বলেন, গাজীপুরকে একটি আধুনিক মেগাসিটি হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে সরকারের।

এই লক্ষ্য বাস্তবায়নে অবকাঠামো উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ এবং জলাবদ্ধতা নিরসনে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।

গাজীপুরের খাল, বিল ও নদী-নালা দূষণমুক্ত রাখতে স্থানীয় জনগণের সচেতনতার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

মন্ত্রী বলেন, শিল্পপ্রতিষ্ঠানগুলো যেন তাদের বর্জ্য সরাসরি খাল, বিল বা নদীতে ফেলতে না পারে সে বিষয়ে সিটি করপোরেশন, নাগরিক সমাজ এবং শিল্প প্রতিষ্ঠানের মালিকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের দায়িত্বে থাকা আহাম্মদ হোসেন ভূইয়া।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড গাজীপুরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জহির উদ্দিন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম মঞ্জুরুল করিম রনি, গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার, গাজীপুর জেলা পুলিশ সুপার মো. শরিফ উদ্দিন এবং গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মো. মহিউদ্দিন আহমেদ।

এছাড়া বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মো. ওয়ালী-উল-হক, টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
মোদি-শাহবাজকে ঢাকায় শপথ অনুষ্ঠানের দাওয়াত

মোদি-শাহবাজকে ঢাকায় শপথ অনুষ্ঠানের দাওয়াত