আর্জেন্টিনার খেলা দেখা নিয়ে সংঘর্ষ, জাবির এক শিক্ষার্থী সাময়িক বহিষ্কার The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

আর্জেন্টিনার খেলা দেখা নিয়ে সংঘর্ষ, জাবির এক শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 26, 2026 ইং
আর্জেন্টিনার খেলা দেখা নিয়ে সংঘর্ষ, জাবির এক শিক্ষার্থী সাময়িক বহিষ্কার ছবির ক্যাপশন:

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সেলিম আল দীন মুক্তমঞ্চে ফুটবল বিশ্বকাপ ২০২৬-এর আর্জেন্টিনা ও অস্ট্রিয়ার মধ্যকার ম্যাচ বড় পর্দায় দেখাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় এক শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই ঘটনায় আরেক শিক্ষার্থীর হলে অবস্থান এবং বিশ্ববিদ্যালয়ের সব ধরনের কার্যক্রমে অংশগ্রহণের ওপর সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। পাশাপাশি ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) এবং রেজিস্ট্রার স্বাক্ষরিত পৃথক অফিস আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়। প্রশাসনের ভাষ্য অনুযায়ী, গত ২২ জুন সেলিম আল দীন মুক্তমঞ্চে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার ম্যাচ প্রদর্শনের সময় সংঘটিত অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগের ভিত্তিতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

অফিস আদেশে বলা হয়েছে, পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিকস বিভাগের ৪৮তম ব্যাচের (শিক্ষাবর্ষ ২০১৮–২০১৯) শিক্ষার্থী মো. আসাদুজ্জামানকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের জন্য প্রণীত শৃঙ্খলা-সংক্রান্ত অধ্যাদেশ ২০১৮-এর ৪(১)(খ) ধারা অনুযায়ী সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কার কার্যকর থাকা অবস্থায় তিনি বিশ্ববিদ্যালয়ের হল কিংবা ক্যাম্পাসে অবস্থান করতে পারবেন না।

এছাড়া দর্শন বিভাগের ৪৮তম ব্যাচের (শিক্ষাবর্ষ ২০১৮–২০১৯) শিক্ষার্থী শাহানুর রহমানের বিরুদ্ধে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কোনো কার্যক্রমে অংশগ্রহণ এবং হলে ও ক্যাম্পাসে অবস্থানের ওপর সাময়িক নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

ঘটনার তদন্তে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) ড. মো. শামছুল আলমকে সভাপতি করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্য হিসেবে রয়েছেন সমাজবিজ্ঞান অনুষদের ডিন ড. খন্দকার মোহাম্মদ শরিফুল হুদা, শেরেবাংলা এ কে ফজলুল হক হলের প্রভোস্ট ড. মো. নজরুল ইসলাম এবং মওলানা ভাসানী হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. কামরুজ্জামান। সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) সৈয়দ মোহাম্মদ আলী রেজা।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র–ইসরাইলের যুদ্ধ ‘ব্যর্থ’: আরাগচি

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র–ইসরাইলের যুদ্ধ ‘ব্যর্থ’: আরাগচি