যশোরের দুই মহাসড়কে ধীরগতির যান চলাচল, বাড়ছে ভোগান্তি The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

যশোরের দুই মহাসড়কে ধীরগতির যান চলাচল, বাড়ছে ভোগান্তি

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 16, 2026 ইং
যশোরের দুই মহাসড়কে ধীরগতির যান চলাচল, বাড়ছে ভোগান্তি ছবির ক্যাপশন:

আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে যশোরের দুটি গুরুত্বপূর্ণ মহাসড়কে যানজট ও ভোগান্তির আশঙ্কা দেখা দিয়েছে। যশোর-খুলনা ও যশোর-ঝিনাইদহ মহাসড়কে ইতোমধ্যেই ধীরগতির যান চলাচল এবং মাঝেমধ্যে যানজটের চিত্র দেখা যাচ্ছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, মহাসড়কের পাশে গড়ে ওঠা অবৈধ বাজার এবং থ্রি-হুইলারসহ ধীরগতির যানবাহনের অবাধ চলাচল এই যানজটের অন্যতম প্রধান কারণ। এছাড়া কোথাও কোথাও সড়ক প্রশস্তকরণ ও মেরামতের কাজ চলার কারণে যানবাহন ধীরগতিতে চলতে বাধ্য হচ্ছে।

খোঁজ নিয়ে জানা গেছে, যশোর-খুলনা মহাসড়কের বসুন্দিয়া এলাকায় প্রায় দুই কিলোমিটারজুড়ে গত ডিসেম্বর থেকে ঢালাই কাজ চলছে। সড়কের এই অংশে উন্নয়নকাজ চলমান থাকায় রাস্তার এক পাশ খোঁড়া রাখা হয়েছে। ফলে অন্য পাশ দিয়ে দুই দিকের যানবাহন চলাচল করছে।

এই পরিস্থিতিতে প্রায়ই সেখানে যানজট তৈরি হচ্ছে। স্থানীয়দের আশঙ্কা, ঈদের সময় যাত্রী ও যানবাহনের চাপ বাড়লে এই যানজট আরও তীব্র আকার ধারণ করতে পারে।

অন্যদিকে যশোর-ঝিনাইদহ মহাসড়কের অবস্থা আরও নাজুক বলে জানিয়েছেন এলাকাবাসী। এই সড়কটি ছয় লেনে উন্নীত করার কাজ দীর্ঘদিন ধরে চললেও তা ধীরগতিতে এগোচ্ছে। ফলে সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত তৈরি হয়েছে।

অনেক জায়গায় পিচ উঠে গেছে এবং কোথাও কোথাও রাস্তার ভিত্তিও দুর্বল হয়ে পড়েছে।

প্রায় ৪৮ কিলোমিটার দীর্ঘ এই মহাসড়কটি যশোরের চাঁচড়া থেকে ঝিনাইদহ বাস টার্মিনাল পর্যন্ত বিস্তৃত। এটি খুলনা অঞ্চলের সঙ্গে রাজশাহী ও উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ যোগাযোগ রক্ষা করে।

প্রতিদিন হাজার হাজার বাস, ট্রাক, পিকআপসহ বিভিন্ন ধরনের যানবাহন এই সড়ক দিয়ে চলাচল করে। ফলে ঈদযাত্রার সময় এই সড়কে চরম দুর্ভোগের আশঙ্কা করছেন এলাকাবাসী।

যশোর-ঝিনাইদহ মহাসড়কে চলাচলকারী ট্রাকচালক সালাম হোসেন বলেন, সড়কের গর্তে পড়ে প্রায়ই গাড়ির স্প্রিং ও বিভিন্ন যন্ত্রাংশ নষ্ট হয়ে যাচ্ছে। জীবিকার প্রয়োজনে ঝুঁকি নিয়েই এই সড়ক ব্যবহার করতে হচ্ছে। এতে সময়মতো মালামাল পৌঁছানোও কঠিন হয়ে পড়ছে বলে জানান তিনি।

স্থানীয় বাসিন্দা রিপন মিয়া জানান, প্রায় প্রতিদিনই এই সড়কে দুর্ঘটনার ঘটনা ঘটছে। বর্ষাকালে গর্তে পানি জমে সড়ক আরও বিপজ্জনক হয়ে ওঠে।

তিনি বলেন, শুকনো মৌসুমে ধুলাবালির কারণে আশপাশের মানুষের শ্বাসকষ্টসহ নানা স্বাস্থ্যসমস্যা দেখা দেয়। দীর্ঘদিন ধরে উন্নয়ন প্রকল্পের কাজ চললেও তার অগ্রগতি খুবই ধীর বলে অভিযোগ করেন তিনি।

তবে যশোরের অন্যান্য মহাসড়কে বড় ধরনের সমস্যা হবে না বলে জানিয়েছে সড়ক ও জনপথ বিভাগ।

যশোর-বেনাপোল, যশোর-সাতক্ষীরা, যশোর-মাগুরা এবং যশোর-নড়াইল মহাসড়কে বড় কোনো গর্ত বা চলমান মেরামতকাজ না থাকায় এসব সড়কে ঈদযাত্রায় তেমন সমস্যা হওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

যশোর সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী গোলাম কিবরিয়া বলেন, যশোর-খুলনা মহাসড়কের বসুন্দিয়া অংশে ঢালাই কাজ চলমান থাকায় ঈদের আগে কাজ শেষ করা সম্ভব হচ্ছে না। ফলে সেখানে যানজটের আশঙ্কা রয়েছে।

তিনি আরও জানান, যশোর-ঝিনাইদহ মহাসড়কের অবস্থাও নাজুক এবং সেখানে সংস্কারকাজ চলায় ঈদের সময় যানজট হতে পারে। তবে যশোরের অন্যান্য মহাসড়কে বড় ধরনের সমস্যা হওয়ার আশঙ্কা নেই বলে আশা প্রকাশ করেন তিনি।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কাইয়ুমের প্রার্থিতা চ্যালেঞ্জ করে নাহিদ ইসলামের করা রিট খারি

কাইয়ুমের প্রার্থিতা চ্যালেঞ্জ করে নাহিদ ইসলামের করা রিট খারি