পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে নানা উদ্যোগ নিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায় এবং যাত্রীদের হয়রানি ঠেকাতে মাঠে মোবাইল কোর্ট পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রোববার (১৫ মার্চ) রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানান ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার।
তিনি বলেন, ঈদ উপলক্ষে রাজধানী থেকে বিপুলসংখ্যক মানুষ দেশের বিভিন্ন জেলায় যাত্রা করেন। এই সময় যাত্রীদের নিরাপদ ও স্বস্তিদায়ক যাত্রা নিশ্চিত করতে পুলিশ বিভিন্ন ধরনের প্রস্তুতি নিয়েছে।
ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার জানান, ইতোমধ্যে পর্যাপ্তসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। রাজধানীর চারটি প্রধান বাস টার্মিনালসহ গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
এছাড়া বাস টার্মিনালগুলোতে গোয়েন্দা পুলিশের বিশেষ নজরদারিও থাকবে বলে তিনি জানান।
তিনি বলেন, ঈদযাত্রাকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের অনিয়ম দেখা দিতে পারে। বিশেষ করে অতিরিক্ত ভাড়া আদায়, যাত্রী হয়রানি এবং অনিরাপদ যানবাহন চলাচলের মতো বিষয়গুলো রোধ করতে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।
ডিএমপির পক্ষ থেকে জানানো হয়, লক্কর-ঝক্কর বা অনুপযুক্ত বাস চলাচল বন্ধ করা এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে এসব কার্যক্রম জোরদার করা হবে।
এ বিষয়ে গণপরিবহন মালিক ও শ্রমিকদের প্রয়োজনীয় নির্দেশনাও দেওয়া হয়েছে বলে জানান ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার।
তিনি আরও বলেন, ঈদের ছুটিতে রাজধানী তুলনামূলকভাবে ফাঁকা হয়ে যায়। এ সময় নগরের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
গুরুত্বপূর্ণ সড়ক এবং এলাকায় পুলিশি টহল বাড়ানো হবে। পাশাপাশি বিভিন্ন স্থানে চেকপোস্ট স্থাপন করা হবে।
আবাসিক এলাকাগুলোতেও পুলিশের নজরদারি জোরদার করা হবে বলে জানান তিনি।
ব্রিফিংয়ে নগরবাসীর উদ্দেশে কিছু সতর্কতামূলক পরামর্শও দেন মো. সরওয়ার।
তিনি বলেন, ঈদের ছুটিতে বাড়ি থেকে বের হওয়ার আগে বাসার দরজা-জানালা ঠিকভাবে বন্ধ করা উচিত। ঘরের ভেতরে পর্যাপ্ত আলোর ব্যবস্থা রাখা এবং গুরুত্বপূর্ণ কাগজপত্র নিরাপদ স্থানে সংরক্ষণ করার পরামর্শ দেন তিনি।
এছাড়া ভ্রমণের সময় যাত্রীদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়।
তিনি বলেন, ভ্রমণের সময় নগদ অর্থ নিজের হেফাজতে রাখা এবং অপরিচিত ব্যক্তির কাছ থেকে কোনো খাবার বা পানীয় গ্রহণ না করার বিষয়ে সচেতন থাকতে হবে।
ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার জানান, ঈদের সময় নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সার্বিকভাবে কাজ করছে।
তার মতে, ঈদযাত্রা যেন নিরাপদ ও স্বস্তিদায়ক হয় এবং নগরবাসীর ঈদের আনন্দ কোনোভাবে বিঘ্নিত না হয়—সে লক্ষ্যেই পুলিশ বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়ন করছে।
কসমিক ডেস্ক