আবারও পুলিশের পোশাকে বড় পরিবর্তন, গাঢ় নীল ও খাকি রঙে ফিরছে পুলিশ The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

আবারও পুলিশের পোশাকে বড় পরিবর্তন, গাঢ় নীল ও খাকি রঙে ফিরছে পুলিশ

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 20, 2026 ইং
আবারও পুলিশের পোশাকে বড় পরিবর্তন, গাঢ় নীল ও খাকি রঙে ফিরছে পুলিশ ছবির ক্যাপশন:

সরকার দেশের পুলিশ বাহিনীর পোশাকের রং ও নকশায় বড় ধরনের পরিবর্তন এনেছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী পুলিশের শার্ট হবে গাঢ় নীল রঙের এবং প্যান্ট হবে খাকি রঙের। একইসঙ্গে মহানগর পুলিশের জন্য শার্ট নির্ধারণ করা হয়েছে হালকা জলপাই রঙের। গত বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তর থেকে এ–সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পুলিশ অধ্যাদেশ ১৮৬১–এর ১২ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে মহাপরিদর্শক (আইজিপি) সরকারের অনুমোদনক্রমে পুলিশ ড্রেস রুলস, ২০২৫ সংশোধন করেছেন। এর মাধ্যমে আগের ইউনিফর্ম নীতিমালা সম্পূর্ণভাবে পরিবর্তন করা হয়েছে।

নতুন নিয়ম অনুযায়ী শুধু শার্ট ও প্যান্ট নয়, বরং জার্সি, কার্ডিগান, পুলওভার, জ্যাকেট, নারীদের পোশাক, মাথার আবরণ এবং পূর্ণহাতা পোশাকের রঙেও পরিবর্তন আনা হয়েছে। আগে পুলিশের শার্টের রং ছিল লোহা-ধূসর এবং প্যান্ট ছিল কফি-বাদামি ধূসর। নতুন নীতিতে তা পরিবর্তন করে আধুনিক ও আলাদা পরিচয়বাহী রঙ নির্ধারণ করা হয়েছে।

শীতকালীন পোশাকেও এসেছে পরিবর্তন। এখন থেকে সাধারণ পুলিশ সদস্যরা গাঢ় নীল রঙের জ্যাকেট, কার্ডিগান বা পুলওভার ব্যবহার করবেন। অন্যদিকে মহানগর পুলিশের জন্য নির্ধারণ করা হয়েছে হালকা জলপাই রঙের জ্যাকেট। ট্রাউজার হিসেবে ব্যবহৃত হবে খাকি রঙের টিসি টুইল কাপড়।

নারী পুলিশের পোশাক নিয়েও বিস্তারিত নির্দেশনা দেওয়া হয়েছে। নারী পুলিশ সদস্যরা চাইলে শাড়ি পরতে পারবেন। জেলা পুলিশ ও অন্যান্য ইউনিটে গাঢ় নীল শাড়ির সঙ্গে গাঢ় নীল ব্লাউজ এবং মহানগর পুলিশের ক্ষেত্রে গাঢ় নীল শাড়ির সঙ্গে হালকা জলপাই রঙের ব্লাউজ পরার সুযোগ রাখা হয়েছে। পাশাপাশি নারী সদস্যদের মাথার আবরণ ব্যবহারের অনুমতিও দেওয়া হয়েছে।

এছাড়া মৌসুমভিত্তিক পোশাক ব্যবহারের নিয়মও নির্ধারণ করা হয়েছে। গ্রীষ্মকালে অর্ধহাতা এবং শীতকালে পূর্ণহাতা শার্ট পরা বাধ্যতামূলক হবে। ট্রাফিক ইউনিটসহ বিভিন্ন ইউনিটের জন্য আলাদা নির্দেশনাও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, জুলাই গণ–অভ্যুত্থানের পর পুলিশের পোশাক পরিবর্তনের দাবি ওঠে। এরপর অন্তর্বর্তী সরকারের উদ্যোগে পুলিশসহ বিভিন্ন বাহিনীর ইউনিফর্ম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়, যার ধারাবাহিকতায় নতুন এই প্রজ্ঞাপন জারি করা হলো।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
ইরানে ‘পারমাণবিক’ বিপর্যয় ঘটানোর চেষ্টা চলছে: রাশিয়ার অভিযোগ

ইরানে ‘পারমাণবিক’ বিপর্যয় ঘটানোর চেষ্টা চলছে: রাশিয়ার অভিযোগ