বিএনপি নেতা সেলিমসহ ৩০ জনের জামায়াত ইসলামীতে যোগদান The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

বিএনপি নেতা সেলিমসহ ৩০ জনের জামায়াত ইসলামীতে যোগদান

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 5, 2026 ইং
বিএনপি নেতা সেলিমসহ ৩০ জনের জামায়াত ইসলামীতে যোগদান ছবির ক্যাপশন:
ad728

রাজশাহীতে বিএনপির অন্তত ৩০ জন নেতাকর্মী জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। বুধবার (৪ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে নগরীর কোট বুলনপুর এলাকায় জামায়াতে ইসলামীর একটি নির্বাচনী কার্যালয়ে উপস্থিত হয়ে তারা আনুষ্ঠানিকভাবে দলটিতে যোগ দেন।

জামায়াতে যোগদানকারীদের মধ্যে উল্লেখযোগ্য হলেন রাজপাড়া থানা বিএনপির নেতা মোহাম্মদ সেলিম, ৫ নম্বর ওয়ার্ড যুবদলের সদস্য রুবেল, সাংগঠনিক সম্পাদক মানিক, সদস্য লেমন, পিয়াস, সাদিক, রহমানসহ প্রায় ৩০ জন নেতাকর্মী।

বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দেওয়ার কারণ সম্পর্কে রাজপাড়া থানা বিএনপি নেতা মোহাম্মদ সেলিম বলেন, বিএনপির বর্ষীয়ান নেতা নাদিম মোস্তফার মৃত্যুর পর দলে তার আর কেউ নেই। তিনি বলেন, “আমি দীর্ঘদিন বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম। কিন্তু বর্তমানে দলে আমার পাশে দাঁড়ানোর মতো কেউ নেই। সে কারণেই আমার কর্মী-সমর্থকদের নিয়ে জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছি।”

তিনি আরও বলেন, দেশে অনেক রাজনৈতিক দল থাকলেও জামায়াতে ইসলামী তাদের কর্মী-সমর্থকদের প্রতি বেশি যত্নশীল। পাশাপাশি দলটির রাজনৈতিক দর্শন তার ভালো লেগেছে। “এই সবকিছু বিবেচনা করেই আমি এবং আমার সঙ্গে থাকা বিএনপির কর্মী-সমর্থক মিলিয়ে ৩০ জনেরও বেশি জামায়াতে যোগদান করেছি,”—বলেন সেলিম।

যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর জামায়াতের সেক্রেটারি ইমাজ উদ্দিন মণ্ডল। তিনি বলেন, “আজ যারা জামায়াতে যোগদান করেছেন, তাদের প্রতি আমার আহ্বান—দ্বীনের পথে চলা ছাড়া কোনো বিকল্প নেই। শুধু জামায়াতে ইসলামী করতেই হবে এমন কথা নেই। জামায়াত ভালো না লাগলে নিজেরাই ইসলামি দল গড়ে তুলুন, তবে অবশ্যই আল্লাহ প্রদর্শিত পথে চলতে হবে।”

অনুষ্ঠানে বক্তব্য রাখেন নগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন সরকার। তিনি বলেন, রাজপাড়া থানা বিএনপি নেতা মোহাম্মদ সেলিম ১৯৮২ সাল থেকে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। বর্তমান রাজনৈতিক বাস্তবতা, বিএনপির অভ্যন্তরীণ কোন্দল এবং সার্বিক পরিস্থিতি বিবেচনা করে তিনি ও তার অনুসারীরা জামায়াতে ইসলামীকে পছন্দ করেছেন এবং সে কারণেই দলটিতে যোগ দিয়েছেন।

যোগদান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নগর জামায়াতের সমাজকল্যাণ সেক্রেটারি কামরুজ্জামান সোহেল, রাজপাড়া থানা আমির নূরুল ইসলাম মনি প্রমুখ। এছাড়া জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও অনুষ্ঠানে অংশ নেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, রাজশাহীতে বিএনপির নেতাকর্মীদের এভাবে দলবদল স্থানীয় রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে এবং আগামী দিনের রাজনৈতিক সমীকরণে এর প্রভাব পড়তে পারে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আমেরিকানদের দ্রুত ভেনেজুয়েলা ছাড়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের

আমেরিকানদের দ্রুত ভেনেজুয়েলা ছাড়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের