ভোটারদের জন্য ৩৩৩ নম্বরে বিশেষ তথ্যসেবা চালু The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

ভোটারদের জন্য ৩৩৩ নম্বরে বিশেষ তথ্যসেবা চালু

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 4, 2026 ইং
ভোটারদের জন্য ৩৩৩ নম্বরে বিশেষ তথ্যসেবা চালু ছবির ক্যাপশন:
ad728

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে ভোট সংক্রান্ত সঠিক, নির্ভরযোগ্য ও যাচাইকৃত তথ্য জানতে জাতীয় হেল্পলাইন ৩৩৩-এ কল করার আহ্বান জানানো হয়েছে। বাংলাদেশ নির্বাচন কমিশনের সহযোগিতায় এবং এটুআই (a2i) কর্মসূচির উদ্যোগে এই বিশেষ তথ্যসেবা চালু করা হয়েছে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্বাচন প্রক্রিয়াকে আরও স্বচ্ছ, অংশগ্রহণমূলক ও নাগরিকবান্ধব করতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এর মাধ্যমে ভোটারদের বিভ্রান্তি দূর করা এবং নির্বাচনসংক্রান্ত তথ্যের সহজ প্রাপ্তি নিশ্চিত করাই মূল লক্ষ্য।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের যে কোনো মোবাইল অপারেটর থেকে টোল ফ্রি নম্বর ৩৩৩-এ কল করে ৯ চাপলে নাগরিকরা নির্বাচন ও গণভোটসংক্রান্ত প্রয়োজনীয় তথ্য ও সহায়তা পেতে পারবেন। এই সেবার মাধ্যমে ভোটাররা ভোট প্রদানের নিয়ম ও পদ্ধতি, ভোটকেন্দ্রের অবস্থান, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংক্রান্ত তথ্য এবং নির্বাচনকালীন আচরণবিধি সম্পর্কে জানতে পারবেন।

এ ছাড়া প্রবাসী বাংলাদেশিদের ভোট প্রদানের নিয়ম, প্রতিবন্ধী, প্রবীণ ও নারী ভোটারদের জন্য বিদ্যমান বিশেষ সুবিধা সম্পর্কেও বিস্তারিত তথ্য দেওয়া হবে। ফলে বিভিন্ন শ্রেণি-পেশার ভোটারদের জন্য ভোটদান প্রক্রিয়া আরও সহজ ও বোধগম্য হবে বলে আশা করা হচ্ছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, নির্বাচন কমিশনের নির্ধারিত Smart Election Management BD এবং Postal Vote BD অ্যাপ ব্যবহারের পদ্ধতি সম্পর্কেও এই সেবার মাধ্যমে তথ্য প্রদান করা হচ্ছে। এতে ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহারে ভোটারদের দক্ষতা বাড়বে এবং নির্বাচন ব্যবস্থাপনায় প্রযুক্তির কার্যকর প্রয়োগ নিশ্চিত হবে।

গত ১৬ জানুয়ারি থেকে পাইলট প্রকল্প হিসেবে চালু হওয়া এই সেবার মাধ্যমে ইতোমধ্যে ১ হাজার ৬৪৩ জন নাগরিক নির্বাচন ও গণভোটসংক্রান্ত তথ্য ও সহায়তা গ্রহণ করেছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

একই সঙ্গে জাতীয় হেল্পলাইন ৩৩৩-এর ৯ নম্বর অপশন আইনশৃঙ্খলা পরিস্থিতি সংক্রান্ত তথ্য গ্রহণ, সম্ভাব্য অস্থিরতা আগাম শনাক্তকরণ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত অবহিত করার একটি সহায়ক মাধ্যম হিসেবেও ব্যবহৃত হবে। তবে এটি সরাসরি পুলিশ কন্ট্রোল রুম হিসেবে কাজ করবে না। বরং একটি ‘Information Intake, Early Warning and Forwarding System’ হিসেবে কার্যক্রম পরিচালনা করবে এবং প্রয়োজন অনুযায়ী প্রাপ্ত তথ্য ৯৯৯ বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।

সংশ্লিষ্টদের মতে, জাতীয় হেল্পলাইন ৩৩৩-এর এই তথ্যসেবা নির্বাচনসংক্রান্ত গুজব, বিভ্রান্তি ও ভুল তথ্য প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে এটি একটি স্বচ্ছ, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে সহায়ক হবে বলে তারা আশা প্রকাশ করেন।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিএনপির দুই পক্ষের সংঘর্ষে ফরিদপুর ও ভোলায় আহত অন্তত ২০

বিএনপির দুই পক্ষের সংঘর্ষে ফরিদপুর ও ভোলায় আহত অন্তত ২০