বালুর বস্তা দিয়ে শামা ওবায়েদের গাড়িবহর আটকের অভিযোগ The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

বালুর বস্তা দিয়ে শামা ওবায়েদের গাড়িবহর আটকের অভিযোগ

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 3, 2026 ইং
বালুর বস্তা দিয়ে শামা ওবায়েদের গাড়িবহর আটকের অভিযোগ ছবির ক্যাপশন:
ad728

নির্বাচনী সভায় যোগ দিতে যাওয়ার পথে ফরিদপুর-২ (সালথা–নগরকান্দা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও দলটির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদের গাড়িবহর সড়কের ওপর বালুর বস্তা ফেলে আটকে দেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে ফরিদপুরের সালথা উপজেলার রামকান্তপুর ইউনিয়নের বাহিরদিয়া এলাকায়।

অভিযোগ অনুযায়ী, বাহিরদিয়া গ্রামে আয়োজিত একটি নির্বাচনী সভায় যোগ দিতে যাওয়ার সময় শামা ওবায়েদের গাড়িবহর সড়কের ওপর ফেলে রাখা বালুর বস্তার কারণে বাধার মুখে পড়ে। পরে স্থানীয় নেতাকর্মীরা সড়ক থেকে বালুর বস্তা সরিয়ে দিলে গাড়িবহর নিয়ে তিনি সভাস্থলে পৌঁছান।

এ বিষয়ে প্রতিক্রিয়ায় শামা ওবায়েদ বলেন, সড়কের ওপর বালুর বস্তা ফেলে রাস্তা বন্ধ করে রাখা হয়েছে। এ ধরনের ঘটনা অতীতে ফ্যাসিবাদী শাসনামলে দেখা গেছে উল্লেখ করে তিনি বলেন, বেগম খালেদা জিয়ার বাড়ির সামনেও একসময় বালু ফেলে রাস্তা বন্ধ করে রাখা হয়েছিল। স্বাধীন ও গণতান্ত্রিক দেশে এমন দৃশ্য তিনি দেখতে চান না।

তিনি বলেন, সালথা ও নগরকান্দা উপজেলায় বিভিন্ন প্রার্থী অবাধে নির্বাচনী প্রচার চালাচ্ছেন এবং বিএনপি নেতাকর্মীরা কারও প্রচারে বাধা সৃষ্টি করছে না। বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে উল্লেখ করে তিনি বলেন, সবাই স্বাধীনভাবে ভোট চাইবে—এই পরিবেশ প্রতিষ্ঠার জন্যই ১৭ বছর ধরে আন্দোলন-সংগ্রাম হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানের পরেও যদি সেই পরিবেশ নিশ্চিত না হয়, তবে তা অত্যন্ত দুঃখজনক।

শামা ওবায়েদ আরও বলেন, বাহিরদিয়া গ্রামে একটি নির্বাচনী কর্মসূচি ঘোষণা করা হয়েছিল, যা কোনো ব্যক্তিগত জায়গা নয়। যে কেউ সেখানে রাজনৈতিক কর্মসূচি করতে পারে। কিন্তু সেখানে গিয়ে দেখা যায়, শুধু রাস্তা বন্ধই নয়, বাজারের কোনো দোকানও খোলা রাখা হয়নি।

তিনি বলেন, তার সঙ্গে সিনিয়র সিটিজেন, মুরব্বি এবং নারী কর্মীরাও ছিলেন। তীব্র গরমে পানির প্রয়োজন হলেও একটি পানির বোতল কেনার সুযোগ ছিল না। এমনকি একটি ওষুধের দোকানও খোলা ছিল না, যা তিনি অমানবিক আচরণ বলে উল্লেখ করেন। তিনি অন্য প্রার্থীদের উদ্দেশে অনুরোধ জানান, যেন ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড আর না করা হয়। তবে এ ঘটনায় কারও বিরুদ্ধে সরাসরি অভিযোগ করছেন না বলেও জানান তিনি।

স্থানীয় বিএনপি নেতারা জানান, ফরিদপুর-২ আসনে খেলাফত মজলিস মনোনীত প্রার্থী আল্লামা শাহ্ আকরাম আলীর বাড়ি ও মাদ্রাসা রামকান্তপুর ইউনিয়নের বাহিরদিয়া গ্রামে অবস্থিত। সোমবার বিকেলে বাহিরদিয়া বাজার এলাকায় ধানের শীষের নির্বাচনী সভার আয়োজন করা হয়। ওই সভায় যোগ দিতে যাওয়ার পথেই সড়কের ওপর বালুর বস্তা ফেলে রেখে শামা ওবায়েদের গাড়িবহর আটকে দেওয়া হয়।

ঘটনাটি নিয়ে এলাকায় আলোচনা সৃষ্টি হয়েছে এবং নির্বাচনী পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্টদের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
রাজনীতিতে মিস বাংলাদেশ মেঘনা আলম: গণঅধিকার পরিষদ থেকে ঢাকা-৮

রাজনীতিতে মিস বাংলাদেশ মেঘনা আলম: গণঅধিকার পরিষদ থেকে ঢাকা-৮