নড়াইলের কালিয়া উপজেলায় অবৈধভাবে পাচারের সময় পৃথক দুই স্থানে অভিযান চালিয়ে মোট ৭ হাজার ৪০০ লিটার ডিজেল জব্দ করেছে উপজেলা প্রশাসন। সোমবার (৩০ মার্চ) বিকেলে উপজেলার বারইপাড়া ফেরিঘাট ও কলবাড়িয়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে জড়িত দুই ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মোট ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, অবৈধ মজুত ও পাচার ঠেকাতে বিকেল পাঁচটার দিকে বারইপাড়া ফেরিঘাট এলাকায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিন্নাতুল ইসলাম অভিযান পরিচালনা করেন। এ সময় একটি ভ্যান ও ট্রাক্টরে রাখা ৯টি ব্যারেল থেকে ১ হাজার ৮০০ লিটার ডিজেল জব্দ করা হয়। বৈধ কাগজপত্র দেখাতে না পারায় তেলের মালিক উপজেলার মাউলী গ্রামের পিন্টু শেখকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এর প্রায় এক ঘণ্টা পর একই উপজেলার কলবাড়িয়া এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শ্রাবণী বিশ্বাস পৃথক আরেকটি অভিযান চালান। এ সময় একটি ট্রাক থেকে ৫ হাজার ৬০০ লিটার ডিজেল জব্দ করা হয়। বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় তেলমালিক উপজেলার যোগানিয়া গ্রামের খায়রুল শেখকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিন্নাতুল ইসলাম জানান, জব্দ করা ডিজেল খুলনার ডুমুরিয়া ও হরিণটানা এলাকা থেকে সংগ্রহ করে কালিয়ায় আনা হয়েছিল। প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় তেল জব্দ করে কালিয়া ফিলিং স্টেশনের জিম্মায় রাখা হয়েছে। পরবর্তীতে এসব জ্বালানি সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করে প্রাপ্ত অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হবে।
কসমিক ডেস্ক