উত্তেজনা কমাতে ইস্তাম্বুলে ইরান–যুক্তরাষ্ট্র বৈঠকের প্রস্তুতি The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

উত্তেজনা কমাতে ইস্তাম্বুলে ইরান–যুক্তরাষ্ট্র বৈঠকের প্রস্তুতি

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 3, 2026 ইং
উত্তেজনা কমাতে ইস্তাম্বুলে ইরান–যুক্তরাষ্ট্র বৈঠকের প্রস্তুতি ছবির ক্যাপশন:
ad728

দীর্ঘদিনের সামরিক উত্তেজনা ও মুখোমুখি সংঘাতের আশঙ্কা এড়াতে পারমাণবিক কর্মসূচি ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে পুনরায় আলোচনায় বসার জোরালো ইঙ্গিত দিয়েছে ইরান। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরা ও রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান আনুষ্ঠানিকভাবে পরমাণু আলোচনা পুনরুজ্জীবিত করার নির্দেশ দিয়েছেন।

এই কূটনৈতিক উদ্যোগের অংশ হিসেবে কাতার, তুরস্ক, মিসর ও ওমানের মধ্যস্থতায় আগামী শুক্রবার (৬ ফেব্রুয়ারি) তুরস্কের ইস্তাম্বুলে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হতে পারে। সম্ভাব্য এই বৈঠকে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির অংশ নেওয়ার কথা রয়েছে।

তেহরানের পক্ষ থেকে জানানো হয়েছে, ওয়াশিংটনের সঙ্গে বিদ্যমান উত্তেজনা কমাতে আঞ্চলিক দেশগুলোর প্রস্তাবিত বিভিন্ন কূটনৈতিক উদ্যোগ নিবিড়ভাবে পর্যালোচনা করা হচ্ছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, আগামী কয়েক দিনের মধ্যেই আলোচনার একটি সুনির্দিষ্ট কাঠামো চূড়ান্ত করা হবে বলে তারা আশা করছেন।

ইসমাইল বাঘাই আরও জানান, বর্তমানে দুই দেশের মধ্যে পরোক্ষ আলোচনা অব্যাহত রয়েছে এবং কূটনৈতিক প্রক্রিয়ার প্রতিটি ধাপ বাস্তবায়নে প্রস্তুতি চলছে। এই উদ্যোগের অংশ হিসেবে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ইতোমধ্যে সৌদি আরব, মিসর ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে টেলিফোনে আলোচনা করেছেন।

এই কূটনৈতিক তৎপরতা শুরু হয়েছে এমন এক সময়ে, যখন তেহরান ও ওয়াশিংটন উভয় পক্ষই সরাসরি সামরিক সংঘাতের হুমকি থেকে কিছুটা সরে আসার ইঙ্গিত দিচ্ছে। গত জুনে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের হামলার পর পারমাণবিক আলোচনা কার্যত স্থবির হয়ে পড়েছিল।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে পারমাণবিক কর্মসূচি নিয়ে নতুন চুক্তিতে পৌঁছানোর আহ্বান জানিয়েছেন এবং আলোচনার পথ খোলা থাকার কথাও পুনর্ব্যক্ত করেছেন। তবে একই সঙ্গে পারস্য উপসাগরে শক্তিশালী যুদ্ধজাহাজ পাঠিয়ে সামরিক চাপও বজায় রাখা হয়েছে, যা আলোচনার পরিবেশকে জটিল করে তুলছে।

ইরানের অভ্যন্তরীণ রাজনীতিতেও এই আলোচনা নিয়ে ভিন্নমত স্পষ্ট। প্রেসিডেন্ট পেজেশকিয়ান আলোচনার পক্ষে অবস্থান নিলেও দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এখনো কঠোর অবস্থানে অটল রয়েছেন। তিনি সতর্ক করে বলেছেন, ইরানের ওপর কোনো ধরনের হামলা হলে তা গোটা মধ্যপ্রাচ্যে ভয়াবহ আঞ্চলিক যুদ্ধের রূপ নিতে পারে।

এদিকে মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ আজ মঙ্গলবার ইসরায়েল সফরে যাচ্ছেন, যেখানে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে তাঁর বৈঠকের কথা রয়েছে। সব মিলিয়ে শুক্রবারের সম্ভাব্য ইরান–যুক্তরাষ্ট্র বৈঠককে মধ্যপ্রাচ্যের শান্তি ও স্থিতিশীলতার জন্য একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা হিসেবে দেখছেন বিশ্লেষকেরা।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে এনসিপি প্রতিনিধিদল, নেতৃত্বে না

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে এনসিপি প্রতিনিধিদল, নেতৃত্বে না