বিশাখাপট্টনমে দুবের তাণ্ডবের মাঝেও ভারতের বড় হার The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

বিশাখাপট্টনমে দুবের তাণ্ডবের মাঝেও ভারতের বড় হার

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 28, 2026 ইং
বিশাখাপট্টনমে দুবের তাণ্ডবের মাঝেও ভারতের বড় হার ছবির ক্যাপশন:
ad728

ঝোড়ো ব্যাটিংয়ে ম্যাচের মোড় ঘোরানোর আভাস দিয়েছিলেন শিবম দুবে। মাত্র ১৫ বলে ফিফটি করে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ভারতের হয়ে দ্রুততম ব্যাটসম্যানদের তালিকায় নিজের নাম তুলেছিলেন তিনি। তবে সেই বিধ্বংসী ইনিংসও শেষ পর্যন্ত ভারতকে বড় হার থেকে রক্ষা করতে পারেনি।

বিশাখাপট্টনমে সিরিজের চতুর্থ টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের দেওয়া ২১৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভারত অলআউট হয়েছে ১৬৫ রানে। ফলে ৫০ রানের বড় ব্যবধানে ম্যাচ জিতে সিরিজে প্রথম সান্ত্বনার জয় পায় নিউজিল্যান্ড। তবে আগেই তিন ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করে রাখা ভারত ৩–১ ব্যবধানে এগিয়ে রয়েছে।

রান তাড়ায় ভারতের শুরুটা ছিল হতাশাজনক। প্রথম বলেই ম্যাট হেনরির বলে ক্যাচ দিয়ে ফেরেন অভিষেক শর্মা। আগের ম্যাচে ১৪ বলে ফিফটি করা এই ওপেনার এবার রানের খাতা খুলতেই পারেননি। কিছুক্ষণ পর অধিনায়ক সূর্যকুমার যাদবও জ্যাকব ডাফির বলে ডেভন কনওয়ের হাতে ক্যাচ দিলে মাত্র ৯ রানে দুই উইকেট হারায় স্বাগতিকেরা।

এরপর সঞ্জু স্যামসন, রিংকু সিং ও শিবম দুবের ব্যাটে ম্যাচে ফেরার চেষ্টা করে ভারত। সঞ্জু ১৫ বলে ২৪ রান করে আউট হলেও রিংকু ৩০ বলে ৩৯ রান করে ইনিংস এগিয়ে নেন। তবে মূল আকর্ষণ ছিলেন ছয় নম্বরে নামা শিবম দুবে।

ইশ সোধির এক ওভারে ২৮ রান তুলে ঝড় তোলেন দুবে। ওই ওভারের প্রথম বলে দুই রান নেওয়ার পর পরের পাঁচ বলে মারেন ৪, ৬, ৪, ৬ ও ৬। মাত্র ১৫ বলে ফিফটি পূর্ণ করে ভারতের হয়ে তৃতীয় দ্রুততম আন্তর্জাতিক টি-টোয়েন্টি ফিফটির কীর্তি গড়েন তিনি। এর আগে যুবরাজ সিং (১২ বলে) ও অভিষেক শর্মা (১৪ বলে) এই তালিকায় এগিয়ে ছিলেন।

তবে দুবের ইনিংসের সমাপ্তি হয় দুর্ভাগ্যজনকভাবে। পনেরোতম ওভারের শেষ বলে হর্ষিত রানার শট বোলার ম্যাট হেনরির আঙুল ছুঁয়ে স্টাম্পে আঘাত করলে নন-স্ট্রাইকে থাকা দুবে রানআউট হন। ২৩ বলে ৭ ছক্কা ও ৩ চারে ৬৫ রান করে ফেরেন তিনি। দুবের বিদায়ের সময় ভারতের স্কোর ছিল ৬ উইকেটে ১৪৫। এরপর মাত্র ২২ বলের মধ্যে শেষ চার উইকেট হারিয়ে অলআউট হয়ে যায় ভারত।

এর আগে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ডকে দারুণ শুরু এনে দেন ওপেনার ডেভন কনওয়ে ও টিম সেইফার্ট। ২৩ বলে ৪৪ রান করেন কনওয়ে, আর সেইফার্ট খেলেন ৩৬ বলে ৬২ রানের ইনিংস। পরে বড় জুটি না হলেও ড্যারিল মিচেলের ১৮ বলে অপরাজিত ৩৯, গ্লেন ফিলিপসের ১৬ বলে ২৪ এবং জ্যাক ফোকসের ৬ বলে অপরাজিত ১৩ রানে ভর করে ৭ উইকেটে ২১৫ রানের বড় সংগ্রহ পায় কিউইরা।

এই জয়ে ম্যাচসেরার পুরস্কার পান টিম সেইফার্ট।

সংক্ষিপ্ত স্কোর
নিউজিল্যান্ড: ২০ ওভারে ২১৫/৭
ভারত: ১৮.৩ ওভারে ১৬৫
ফল: নিউজিল্যান্ড ৫০ রানে জয়ী
ম্যান অব দ্য ম্যাচ: টিম সেইফার্ট


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শুরুতেই বিতর্কে পোস্টাল ব্যালট, অনিয়ম ও পক্ষপাতের অভিযোগ

শুরুতেই বিতর্কে পোস্টাল ব্যালট, অনিয়ম ও পক্ষপাতের অভিযোগ