প্রথমবার ভোট দিতে প্রস্তুত তরুণরা, বাড়ছে রাজনৈতিক গুরুত্ব The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

প্রথমবার ভোট দিতে প্রস্তুত তরুণরা, বাড়ছে রাজনৈতিক গুরুত্ব

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 2, 2026 ইং
প্রথমবার ভোট দিতে প্রস্তুত তরুণরা, বাড়ছে রাজনৈতিক গুরুত্ব ছবির ক্যাপশন:
ad728

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বগুড়ার সাতটি সংসদীয় আসনে তরুণ ভোটাররাই বড় ফ্যাক্টর হয়ে উঠতে পারেন—এমনটাই মনে করছেন ভোটার, প্রার্থী ও রাজনৈতিক বিশ্লেষকরা। জেলার সাতটি আসনে প্রায় দেড় লাখ নতুন ভোটার যুক্ত হওয়ায় জয়–পরাজয়ের হিসাব নতুন করে কষতে হচ্ছে রাজনৈতিক দলগুলোকে।

জেলার ১২টি উপজেলা, সাতটি পৌরসভা ও ১০৯টি ইউনিয়ন নিয়ে গঠিত বগুড়ার সাতটি সংসদীয় আসনে এবার মোট ভোটার সংখ্যা ২৯ লাখ ৮১ হাজার ৬৭২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৪ লাখ ৮০ হাজার ৮৪২ জন, নারী ভোটার ১৫ লাখ ৭৮৮ জন এবং হিজড়া ভোটার ৪২ জন।

এর আগে ২০২৪ সালে জেলায় মোট ভোটার ছিল ২৮ লাখ ৩০ হাজার ৬০৪ জন। সে হিসাবে এবারে নতুন ভোটার যুক্ত হয়েছেন ১ লাখ ৫১ হাজার ৬৮ জন। সংশ্লিষ্টদের মতে, এই নতুন ভোটারদের বড় অংশই তরুণ, যারা প্রথমবারের মতো ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন।

আসনভিত্তিক পরিসংখ্যান অনুযায়ী, বগুড়া-১ আসনে নতুন ভোটার ১৬ হাজার ৩৫৩ জন, বগুড়া-২ আসনে ১৩ হাজার ৬১৭ জন, বগুড়া-৩ আসনে ৭ হাজার ১১৩ জন এবং বগুড়া-৪ আসনে ১২ হাজার ২০০ জন নতুন ভোটার যুক্ত হয়েছেন। বগুড়া-৫ আসনে নতুন ভোটার ২১ হাজার ৯৫ জন, বগুড়া-৬ আসনে ২১ হাজার ১১০ জন এবং বগুড়া-৭ আসনে নতুন ভোটার হয়েছেন ১৯ হাজার ৬২৬ জন।

এই বিপুলসংখ্যক নতুন ভোটারকে কেন্দ্র করে বিএনপি, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দল তাদের প্রচারণায় তরুণদের বিশেষ গুরুত্ব দিচ্ছে। তরুণ ভোটারদের আকৃষ্ট করতে দেওয়া হচ্ছে নতুন নতুন প্রতিশ্রুতি। সামাজিক যোগাযোগমাধ্যমেও তরুণদের রাজনৈতিক মতামত ও প্রত্যাশা প্রকাশ পাচ্ছে।

তরুণ ভোটারদের সঙ্গে কথা বলে জানা যায়, তারা প্রার্থীর শিক্ষা, চারিত্রিক যোগ্যতা, সুশাসন, মতপ্রকাশের স্বাধীনতা, নিরাপত্তা এবং দুর্নীতিবিরোধী অবস্থানকে ভোট দেওয়ার প্রধান বিবেচ্য হিসেবে দেখছেন। কেউ উন্নয়ন ও শিক্ষার মান বৃদ্ধির কথা বলছেন, কেউ আবার খাদ্য নিরাপত্তা ও সুশাসনের দাবি তুলছেন।

নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপচার্য অধ্যাপক ড. হাছানাত আলী বলেন, গত প্রায় ১৮ বছর বগুড়ার একটি বড় অংশের তরুণ ভোটার ভোট দেওয়ার সুযোগ পায়নি। শুধু তরুণ নয়, ৩০ বছর বয়সী অনেক ভোটারও এবার প্রথমবার ভোট দেবেন। এ কারণে এই অংশটি নির্বাচনের ফলাফলে বড় ভূমিকা রাখতে পারে।

বগুড়া প্রেস ক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু বলেন, এবারের নির্বাচনী প্রচারণায় তরুণ ও নতুন ভোটারদের ঘিরে রাজনৈতিক তৎপরতা বেশি চোখে পড়ছে। তার মতে, এই তরুণ ভোটাররাই ভবিষ্যতে বড় ধরনের ভোট পরিবর্তনের সূচনা করতে পারেন।

নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে, ততই বগুড়ার সাতটি আসনে তরুণ ভোটারদের সিদ্ধান্ত নিয়ে বাড়ছে আগ্রহ ও আলোচনা। শেষ পর্যন্ত তাদের ভোট কোন দিকে মোড় নেয়—সেদিকেই এখন নজর রাজনৈতিক মহলের।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইসির অনুমতির পরদিনই হাইকোর্টে স্থগিত বায়রার নির্বাচন

ইসির অনুমতির পরদিনই হাইকোর্টে স্থগিত বায়রার নির্বাচন