ঢাকা-১৭ আসনের কড়াইলে বিএনপির ফ্রি ওয়াইফাই সেবার উদ্বোধন The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

ঢাকা-১৭ আসনের কড়াইলে বিএনপির ফ্রি ওয়াইফাই সেবার উদ্বোধন

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 4, 2026 ইং
ঢাকা-১৭ আসনের কড়াইলে বিএনপির ফ্রি ওয়াইফাই সেবার উদ্বোধন ছবির ক্যাপশন:
ad728

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা-১৭ সংসদীয় আসনের কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সেবা চালু করা হয়েছে। বুধবার (৪ ফেব্রুয়ারি) রাজধানীর কড়াইল বস্তির জামাইবাজার মাঠে বিএনপির উদ্যোগে এবং চেতনা বাংলাদেশের আয়োজনে আনুষ্ঠানিকভাবে এই সেবার উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব ও দলের চেয়ারম্যানের উপদেষ্টা হুমায়ুন কবির। অনুষ্ঠানে তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে বিএনপি চেয়ারপারসন তারেক রহমান বিপুল ভোটে নির্বাচিত হলে দেশ শুধু একজন প্রধানমন্ত্রীই পাবে না, বরং একজন সমাজ সংস্কারক ও অর্থনৈতিক সংস্কারক পাবে। তাঁর নেতৃত্বে শিক্ষা, স্বাস্থ্যসহ বিভিন্ন খাতে উন্নয়ন নতুন উচ্চতায় পৌঁছাবে বলেও মন্তব্য করেন তিনি।

হুমায়ুন কবির অভিযোগ করে বলেন, নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় থাকা জামায়াতে ইসলামীর প্রার্থীর সাম্প্রতিক কর্মকাণ্ডে সমাজসেবার চেয়ে গুন্ডামি প্রবণতাই বেশি পরিলক্ষিত হচ্ছে। তিনি দাবি করেন, ক্যান্টনমেন্ট এলাকায় সেনা কর্মকর্তাদের সঙ্গে দুর্ব্যবহার এবং একটি ব্যাংকে ম্যানেজারকে মারধরের মতো ঘটনায় জনমনে উদ্বেগ সৃষ্টি হয়েছে।

অনুষ্ঠানে বক্তব্য দেন চেতনা বাংলাদেশের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার ফয়সাল সালাম। তিনি জানান, বুধবার থেকেই কড়াইল বস্তির এই এলাকায় ফ্রি ওয়াইফাই সেবা চালু করা হলো। স্মার্টফোন বা অন্যান্য স্মার্ট ডিভাইস ব্যবহারকারী সবাই, বিশেষ করে শিক্ষার্থীরা, এই সেবার মাধ্যমে বিনামূল্যে ইন্টারনেট সুবিধা নিতে পারবেন।

ইঞ্জিনিয়ার ফয়সাল সালাম আরও বলেন, চেতনা বাংলাদেশ একটি অরাজনৈতিক সংগঠন, যা দীর্ঘদিন ধরে মানুষের কল্যাণে কাজ করে আসছে। ফ্রি ওয়াইফাই সেবাটি পর্যায়ক্রমে পুরো কড়াইল বস্তি এবং ভবিষ্যতে ঢাকা-১৭ আসনের অন্যান্য এলাকাতেও সম্প্রসারণ করার পরিকল্পনা রয়েছে।

তিনি জানান, শুধু ইন্টারনেট সেবাই নয়, বনানী লেক পরিষ্কার, বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়নসহ আরও বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্য রয়েছে চেতনা বাংলাদেশের।

অনুষ্ঠানে হুমায়ুন কবির আশা প্রকাশ করে বলেন, তারেক রহমান নির্বাচিত হলে ঢাকা-১৭ আসনকে একটি উন্নয়ন মডেল হিসেবে গড়ে তোলা হবে। পাশাপাশি এলাকার পরিবেশ উন্নয়ন এবং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে কার্যকর উদ্যোগ নেওয়া হবে বলেও তিনি মন্তব্য করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মী, সংগঠনের সদস্য ও কড়াইল এলাকার বাসিন্দারাও উপস্থিত ছিলেন।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নতুন কর্মসূচি ঘোষণা দিয়ে সড়ক ছাড়লেন ৭ কলেজের শিক্ষার্থীরা

নতুন কর্মসূচি ঘোষণা দিয়ে সড়ক ছাড়লেন ৭ কলেজের শিক্ষার্থীরা