অর্থের প্রভাব নয়, ভোটারদের সমর্থনেই জিততে চাই: সাকি The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

অর্থের প্রভাব নয়, ভোটারদের সমর্থনেই জিততে চাই: সাকি

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 1, 2026 ইং
অর্থের প্রভাব নয়, ভোটারদের সমর্থনেই জিততে চাই: সাকি ছবির ক্যাপশন:
ad728

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনের সংসদ সদস্য প্রার্থী ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেছেন, তিনি টাকার খেলায় নয়, জনতার ভোটেই নির্বাচনে জয়লাভ করতে চান। তিনি দাবি করেন, চলমান নির্বাচনী প্রক্রিয়ায় অর্থের প্রভাব একটি বড় বাস্তবতা হলেও বাঞ্ছারামপুরের মানুষ কখনো টাকার বিনিময়ে তাদের ভোট বা সম্মান বিক্রি করে না।

শনিবার বিকেলে উপজেলার উজানচর ইউনিয়নের রাধানগর গ্রামে আয়োজিত এক নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জোনায়েদ সাকি বলেন, নির্বাচনে টাকার খেলা চলছে—এই বিষয়টি সবাইকে সচেতনভাবে খেয়াল রাখতে হবে। নিজের আর্থিক অবস্থার কথা উল্লেখ করে তিনি বলেন, ইন্টারমিডিয়েট পাস করার পর থেকেই তিনি রাজনীতির সঙ্গে যুক্ত এবং কখনোই অর্থ উপার্জনের দিকে মনোযোগ দেননি। ফলে অন্যদের মতো টাকার প্রভাব বিস্তার করে নির্বাচন করার সুযোগ তার নেই।

তিনি আরও বলেন, বাঞ্ছারামপুরের মানুষের একটি গৌরবজনক ঐতিহ্য রয়েছে। এই এলাকায় অর্থের প্রভাবে কেউ নির্বাচনে জয়লাভ করতে পারেনি। তিনি আশা প্রকাশ করেন, স্থানীয় ভোটাররাই সেই ঐতিহ্য আগামীতেও ধরে রাখবেন।

নির্বাচনী পরিবেশ প্রসঙ্গে জোনায়েদ সাকি বলেন, বিএনপির চেয়ারম্যান ইতোমধ্যে বিভিন্ন এলাকায় ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ বা কৌশলগতভাবে ভোটের ফল প্রভাবিত করার অভিযোগ তুলেছেন। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। তার ভাষায়, জনগণের ভোটে এবং মানুষের সরাসরি সমর্থন নিয়ে তিনি সংসদে যেতে চান।

তিনি হুঁশিয়ার করে বলেন, কেউ যদি গোপনে বা নানা কৌশলে ভোট চুরির চেষ্টা করে, তাহলে জনতার প্রতিরোধের মাধ্যমে তা প্রতিহত করা হবে। ভোটের অধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

ভোটারদের উদ্দেশে জোনায়েদ সাকি বলেন, ভোটের দিন সকালে সবাই যেন ভোটকেন্দ্রে গিয়ে নিজের ভোট নিজে দেন। পাশাপাশি সারাদিন ভোটকেন্দ্র পাহারা দিয়ে ভোটের পরিবেশ সুরক্ষিত রাখার আহ্বান জানান তিনি।

পথসভায় উপজেলা বিএনপির সভাপতি মেহেদী হাসান পলাশের সভাপতিত্বে আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি একেএম মূসা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ছালে মূসা, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আমিরুল ইসলাম সাজ্জাদ ও উপজেলা বিএনপির সহসভাপতি লিয়াকত আলী ফরিদসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হত্যার হুমকির জবাবে ইরানকে নিশ্চিহ্ন করার হুঁশিয়ারি ট্রাম্পে

হত্যার হুমকির জবাবে ইরানকে নিশ্চিহ্ন করার হুঁশিয়ারি ট্রাম্পে