ধানের শীষে ভোট চেয়ে বকশিসপুর বাজারে পথসভায় বিএনপি প্রার্থী আসাদুজ্জামান The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

ধানের শীষে ভোট চেয়ে বকশিসপুর বাজারে পথসভায় বিএনপি প্রার্থী আসাদুজ্জামান

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 4, 2026 ইং
ধানের শীষে ভোট চেয়ে বকশিসপুর বাজারে পথসভায় বিএনপি প্রার্থী আসাদুজ্জামান ছবির ক্যাপশন:
ad728

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ জোরদার করেছেন। নির্বাচনী প্রচারের অংশ হিসেবে তিনি দিন-রাত উপজেলার বিভিন্ন এলাকায় ধারাবাহিক গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।

এরই ধারাবাহিকতায় নিত্যানন্দনপুর ইউনিয়নের বকশিসপুর বাজারে গণসংযোগ শেষে একটি পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় বক্তব্য দিতে গিয়ে মো. আসাদুজ্জামান শান্তি, শৃঙ্খলা ও উন্নয়নভিত্তিক রাজনীতির ওপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে দলের ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন করা হবে। এই কর্মসূচির আওতায় প্রতিটি পরিবারকে ফ্যামিলি কার্ড প্রদান এবং কৃষকদের জন্য আলাদা কৃষি কার্ড চালুর পরিকল্পনার কথা তুলে ধরেন তিনি।

বক্তব্যে আসাদুজ্জামান বলেন, নির্বাচিত হলে শৈলকুপাকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা হবে। সেখানে শান্তি-শৃঙ্খলা বজায় থাকবে এবং সহিংসতা, বিশৃঙ্খলা ও অনিয়মের কোনো জায়গা থাকবে না। তিনি এলাকার মানুষের নিরাপত্তা ও সামাজিক সম্প্রীতি রক্ষার ওপর বিশেষ গুরুত্ব দেন।

দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা উল্লেখ করে বিএনপি প্রার্থী বলেন, দুর্নীতি নিয়ন্ত্রণে আনতে কার্যকর ও বাস্তবসম্মত পদক্ষেপ নেওয়া হবে। সংসদ সদস্য নির্বাচিত হলে এলাকার সার্বিক উন্নয়ন, অবকাঠামো সম্প্রসারণ, শিক্ষা ও স্বাস্থ্যখাতে উন্নয়নমূলক কর্মসূচি গ্রহণের প্রতিশ্রুতিও দেন তিনি।

পথসভা শেষে মো. আসাদুজ্জামান আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন এবং জনগণের সহযোগিতা কামনা করেন।

হিন্দু অধ্যুষিত ওই এলাকায় অনুষ্ঠিত গণসংযোগ ও পথসভায় বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষের পাশাপাশি বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। শান্তিপূর্ণ পরিবেশে আয়োজিত এই কর্মসূচিকে ঘিরে স্থানীয় ভোটারদের মধ্যেও আগ্রহ লক্ষ্য করা যায়।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আচরণবিধি লঙ্ঘনে জয়পুরহাটের ছয় প্রার্থীকে শোকজ

আচরণবিধি লঙ্ঘনে জয়পুরহাটের ছয় প্রার্থীকে শোকজ