সিরাজগঞ্জের রায়গঞ্জে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি ধরতে গিয়ে মামুনুর রশিদ নামের এক সহকারী উপপরিদর্শক (এএসআই) মারধরের শিকার হয়েছেন। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এর আগে একইদিন সন্ধ্যায় উপজেলার ষোলমাইল এলাকায় আসামি ধরতে গেলে এএসআই মামুনুর রশিদ হামলার শিকার হন।
গ্রেপ্তার হওয়া দুই ব্যক্তি হলেন—উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের ক্ষুন্দ্র দৌলতপুর গ্রামের আবুল হোসেনের ছেলে মনিরুল ইসলাম (২৮) এবং কোদলাদিগি (গোদাইপুর) গ্রামের মঈন উদ্দিনের ছেলে জাহাঙ্গীর আলম (৪০)।
পুলিশ জানায়, এএসআই মামুনুর রশিদ সাদা পোশাকে সঙ্গীয় ফোর্স নিয়ে ওই এলাকায় একটি গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামিকে ধরতে গিয়েছিলেন।
সেই সময় সেখানে উপস্থিত কয়েকজনের সঙ্গে তর্কবিতর্কের একপর্যায়ে তার ওপর হামলা চালানো হয়। অভিযোগ রয়েছে, তাকে পেছন থেকে লাঠি দিয়ে মাথায় আঘাত করা হয়।
হামলার পর তার সঙ্গে থাকা পুলিশের অন্যান্য সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করেন। পরে তাকে রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসানুজ্জামান জানান, হামলায় আহত এএসআই মামুনুর রশিদের মাথায় চারটি সেলাই দিতে হয়েছে।
তিনি বলেন, এ ঘটনায় এএসআই দেওয়ান মো. আমিনুল ইসলাম বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।
মামলায় চারজনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতনামা আরও পাঁচ থেকে ছয়জনকে আসামি করা হয়েছে।
ওসি জানান, ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে মনিরুল ইসলাম ও জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তার দুই আসামিকে রবিবার বিকেলে আদালতে পাঠানো হয়েছে।
এদিকে মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন তিনি।
কসমিক ডেস্ক