আচরণবিধি লঙ্ঘন ইস্যুতে ইসিতে লিখিত ব্যাখ্যা দিলেন মামুনুল হক The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

আচরণবিধি লঙ্ঘন ইস্যুতে ইসিতে লিখিত ব্যাখ্যা দিলেন মামুনুল হক

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 17, 2026 ইং
আচরণবিধি লঙ্ঘন ইস্যুতে ইসিতে লিখিত ব্যাখ্যা দিলেন মামুনুল হক ছবির ক্যাপশন:

নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নির্বাচন কমিশনের (ইসি) দেওয়া কারণ দর্শানোর নোটিশের লিখিত জবাব দিয়েছেন ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।

শনিবার (১৭ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে উপস্থিত হয়ে তিনি কমিশনের কাছে তার লিখিত ব্যাখ্যা জমা দেন। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, তার দেওয়া ব্যাখ্যা পর্যালোচনা করে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।

লিখিত জবাব জমা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মামুনুল হক। তিনি বলেন, গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়ে লিফলেট বিতরণ করেছেন—এটি সত্য। তবে তিনি দাবি করেন, এ কার্যক্রম তার নিজ নির্বাচনি এলাকার জন্য ছিল না এবং তিনি কোনো ধরনের নির্বাচনি প্রচার-প্রচারণায় অংশ নেননি।

তিনি আরও বলেন, তার কর্মকাণ্ডকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে এবং সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণার সঙ্গে তার এই উদ্যোগকে যুক্ত করা সঠিক নয়।

উল্লেখ্য, গত ১৪ জানুয়ারি মাওলানা মামুনুল হককে কারণ দর্শানোর নোটিশ দেয় নির্বাচন কমিশন। নোটিশে উল্লেখ করা হয়, গত ১৩ জানুয়ারি বিকেলে ইসি ভবনের সামনে অনুসারীদের সঙ্গে লিফলেট বিতরণ করেন তিনি, যা বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়।

কমিশনের মতে, ভোটগ্রহণের নির্ধারিত তারিখ ১২ ফেব্রুয়ারির তিন সপ্তাহ আগে এ ধরনের কার্যক্রম ‘সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫’-এর ৩ ও ১৮ বিধির সুস্পষ্ট লঙ্ঘন। এ অভিযোগের ভিত্তিতেই তাকে ১৭ জানুয়ারি বিকেল ৫টার মধ্যে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।

বর্তমানে নির্বাচন কমিশন তার ব্যাখ্যা পর্যালোচনা করছে এবং বিষয়টি নিয়ে পরবর্তী করণীয় নির্ধারণ করবে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
স্বাধীনতার চেতনার প্রশ্নে আপসহীন বিএনপি: ফখরুল

স্বাধীনতার চেতনার প্রশ্নে আপসহীন বিএনপি: ফখরুল