জুলাই অভ্যুত্থানে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে তিনি রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার জাফরপাড়ায় পৌঁছে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেন।
কবর জিয়ারতের সময় শহীদ আবু সাঈদের বাবা মকবুল হোসেন, বড় ভাই রমজান আলীসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরাও তারেক রহমানের সঙ্গে ছিলেন। কবর জিয়ারতের মাধ্যমে তিনি জুলাই অভ্যুত্থানে শহীদ হওয়া শিক্ষার্থীর প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, তারেক রহমান কবর জিয়ারতের সময় শহীদ আবু সাঈদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সহানুভূতি জানান। শহীদ আবু সাঈদের পরিবারের সদস্যদের সঙ্গে কিছু সময় কথা বলেন তিনি।
শহীদ আবু সাঈদ ছিলেন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী। জুলাই অভ্যুত্থানের সময় সংঘটিত সহিংসতায় তিনি নিহত হন। তার মৃত্যু রংপুরসহ সারাদেশে ব্যাপক আলোচনার জন্ম দেয় এবং আন্দোলনের এক প্রতীকী নাম হিসেবে পরিচিত হয়ে ওঠেন তিনি।
কবর জিয়ারত শেষে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান রংপুর নগরীর কালেক্টরেট ঈদগাঁহ মাঠে আয়োজিত বিভাগীয় নির্বাচনি জনসভায় যোগ দেন। জনসভায় তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে। জনসভাকে কেন্দ্র করে রংপুর মহানগরী ও আশপাশের জেলা থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে।
দীর্ঘদিন পর রংপুর সফরে এসে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত ও নির্বাচনি জনসভায় অংশগ্রহণকে বিএনপির পক্ষ থেকে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
কসমিক ডেস্ক