চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ এনামুল হক এনাম বলেছেন, দীর্ঘ ১৭ বছরের দুর্নীতি, দুঃশাসন ও ভোট কারচুপির বিরুদ্ধে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যালটের মাধ্যমে জবাব দেওয়া হবে। তিনি বলেন, জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনতে সবাইকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে কাজ করতে হবে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে পটিয়া উপজেলার কচুয়াই ইউনিয়নের অলীর হাটে আয়োজিত এক নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন।
এনামুল হক এনাম বলেন, দীর্ঘদিন ধরে দেশের মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে ভোটারদের সচেতন ভূমিকা পালন করতে হবে। তিনি বলেন, জনগণ ঐক্যবদ্ধ হলে কোনো শক্তিই ভোটের অধিকার কেড়ে নিতে পারবে না।
পথসভায় বক্তব্যে তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় গেলে সামাজিক নিরাপত্তা ও জনকল্যাণমূলক কর্মসূচিকে অগ্রাধিকার দেওয়া হবে। নারীদের স্বাবলম্বী করতে ‘ফ্যামিলি কার্ড’ প্রদান করা হবে বলে তিনি জানান। পাশাপাশি কৃষকদের জন্য কৃষি কার্ড চালু করা হবে, যাতে তারা ন্যায্যমূল্যে সার ও বীজ পেতে পারেন।
তিনি আরও বলেন, সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে স্বাস্থ্য কার্ড চালুর উদ্যোগ নেওয়া হবে। এসব কর্মসূচির মাধ্যমে দরিদ্র ও মধ্যবিত্ত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন করা হবে বলে দাবি করেন তিনি।
এনামুল হক এনাম বলেন, বিএনপি বিশ্বাস করে জনগণের শক্তিতে। জনগণের সমর্থন পেলেই দেশকে গণতন্ত্র ও সুশাসনের পথে ফিরিয়ে আনা সম্ভব। তিনি ভোটারদের উদ্দেশে বলেন, ধানের শীষে ভোট দিয়ে পরিবর্তনের পক্ষে রায় দিতে।
পথসভায় আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক খোরশেদ আলম, সদস্য সচিব শফিকুল ইসলাম, পটিয়া উপজেলা যুবদলের আহ্বায়ক ইয়াছিন আরাফাতসহ বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা।
সভায় বক্তারা সরকারের সমালোচনা করে বলেন, দীর্ঘদিন ধরে দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো দুর্বল হয়ে পড়েছে। এ অবস্থা থেকে উত্তরণে জনগণের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন বলে তারা মত প্রকাশ করেন।
স্থানীয় নেতাকর্মীদের মধ্যে পথসভাকে ঘিরে উৎসাহ দেখা যায়। বক্তৃতা চলাকালে ধানের শীষের পক্ষে নানা স্লোগানে মুখর হয়ে ওঠে অলীর হাট এলাকা।
কসমিক ডেস্ক