৫ আগস্ট জুলাই গণ-অভ্যুত্থান দিবস এবং ১৫ আগস্টকে কেন্দ্র করে গোপালগঞ্জে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ৫ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান এ তথ্য নিশ্চিত করেন। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, বিজিবির এই মোতায়েন ১৫ আগস্ট পর্যন্ত বহাল থাকবে।
মঙ্গলবার বিকেল থেকেই গোপালগঞ্জ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় বিজিবির সদস্যরা টহল কার্যক্রম শুরু করেছেন। বিজিবির পাশাপাশি জেলা পুলিশ, ৮ প্লাটুন আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এবং ৫ প্লাটুন রেঞ্জ রিজার্ভ ফোর্স (আরআরএফ) সদস্যদের সমন্বয়ে শহরের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জেলার গুরুত্বপূর্ণ সড়ক, বিভিন্ন মোড়, সরকারি স্থাপনা এবং জনসমাগমস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। একই সঙ্গে যৌথ টহল, চেকপোস্ট পরিচালনা এবং গুরুত্বপূর্ণ স্থানে নজরদারি কার্যক্রম অব্যাহত রাখা হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণে গোয়েন্দা নজরদারিও বৃদ্ধি করা হয়েছে।
গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ বলেন, গোপালগঞ্জ একটি গুরুত্বপূর্ণ জেলা হওয়ায় আগেভাগেই প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তিনি জানান, সাধারণ মানুষের জানমাল রক্ষা এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি বা আইন-শৃঙ্খলার অবনতির চেষ্টা কঠোরভাবে মোকাবিলা করা হবে বলেও তিনি উল্লেখ করেন।
জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান বলেন, ৫ আগস্ট উপলক্ষে জেলার বিভিন্ন কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। এ উদ্দেশ্যে বিজিবি ছাড়াও অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে দায়িত্ব পালন করছে। তিনি আরও জানান, ১৫ আগস্ট পর্যন্ত বিজিবির মোতায়েন ও নিরাপত্তা কার্যক্রম অব্যাহত থাকবে, যাতে জেলার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখা যায় এবং জননিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হয়।
কসমিক ডেস্ক