হাঁস ছাড়াকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত সাতজন The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

হাঁস ছাড়াকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত সাতজন

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 16, 2026 ইং
হাঁস ছাড়াকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত সাতজন ছবির ক্যাপশন:

নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় হাঁস নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত সাতজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে এবং অভিযানে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১৬ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুল ইসলাম হারুন।

এর আগে শনিবার (১৪ মার্চ) উপজেলার সুয়াইর ইউনিয়নের আলীপুর গ্রামে এ ঘটনা ঘটে।

হামলায় আহতরা হলেন—মজিবুর রহমান (৫৫), তরিকুল ইসলাম (৪৫), আঙ্গুর আলী (২৮), বায়জিদ (১৯), সাহেরা খাতুন (৬০), শাপলা (২২) ও আরিফুল ইসলাম স্বাধীন (৩৬)।

আহতদের মধ্যে আরিফুল ইসলাম স্বাধীনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার আলীপুর গ্রামের মাসুদ মিয়ার লোকজন শনিবার রফিকুল ইসলামের বাড়ির সামনে একটি ডোবার পানিতে জোরপূর্বক হাঁস ছেড়ে দেন।

এ সময় রফিকুল ইসলামের লোকজন এতে বাধা দিলে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়।

একপর্যায়ে বিষয়টি নিয়ে উত্তেজনা সৃষ্টি হয় এবং পরে তা সংঘর্ষে রূপ নেয়।

অভিযোগ রয়েছে, মাসুদ মিয়ার লোকজন দেশীয় অস্ত্র নিয়ে রফিকুল ইসলাম ও তার সমর্থকদের ওপর আকস্মিক হামলা চালায়।

এতে রফিকুল ইসলামের পক্ষের কয়েকজন আহত হন।

ঘটনার পর আহতদের স্থানীয়রা উদ্ধার করে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

পরবর্তীতে গুরুতর আহত আরিফুল ইসলাম স্বাধীনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ ঘটনায় রফিকুল ইসলাম বাদী হয়ে রবিবার (১৫ মার্চ) প্রতিপক্ষের আটজনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন।

মামলার আসামিরা হলেন—মো. মাসুদ (৩৮), নেহাতুল্লা (৫৫), আমিরুল (২০), আলিউল্লাহ (৬০), ওলিউল্লাহ (৫৫), সোলেমান (২৫), সালমান (২২) ও সেজু (২৭)।

মামলার পরপরই অভিযান চালিয়ে নেহাতুল্লাহ নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পরে সোমবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এদিকে মামলার প্রধান আসামি মাসুদ মিয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি কোনো মন্তব্য না করে ফোন সংযোগ বিচ্ছিন্ন করে দেন বলে জানা গেছে।

মোহনগঞ্জ থানার ওসি হাফিজুল ইসলাম হারুন বলেন, ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে একজন আসামিকে গ্রেপ্তার করেছে।

তিনি জানান, অন্য আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশ জানিয়েছে, ঘটনার বিষয়ে তদন্ত চলছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ঠাকুরগাঁওয়ে নিজ কেন্দ্রে ভোট দিলেন মির্জা ফখরুল

ঠাকুরগাঁওয়ে নিজ কেন্দ্রে ভোট দিলেন মির্জা ফখরুল