লক্ষ্মীপুর সদর উপজেলার শাকচর ইউনিয়নে পুকুরে গোসল করতে নেমে আব্দুল হামিদ (প্রায় সাড়ে ৬ বছর) নামে প্রথম শ্রেণির এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (৩ আগস্ট) দুপুরে উপজেলার শাকচর গ্রামের সরকার বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হামিদ একই এলাকার কাচারিবাগের মুদি ব্যবসায়ী আব্দুর রহিমের ছেলে। সে স্থানীয় পলিগণ স্কুলের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল। তার অকাল মৃত্যুতে পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে স্কুল থেকে বাড়ি ফিরে হামিদ আরও এক শিশুর সঙ্গে বাড়ির পাশের পুকুরে গোসল করতে যায়। গোসল শেষে অপর শিশু পুকুর থেকে উঠে এলেও হামিদ আর ফিরে আসেনি। কিছুক্ষণ পর পুকুরের পানিতে তার মরদেহ ভেসে উঠতে দেখে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়।
খবর পেয়ে স্বজন ও স্থানীয়রা দ্রুত শিশুটিকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।
লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. অরুপ পাল জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে এটি পানিতে ডুবে মৃত্যুর ঘটনা বলে ধারণা করা হচ্ছে।
এ ঘটনায় নিহত শিশুর পরিবারে শোকের মাতম চলছে। প্রতিবেশী ও স্থানীয় বাসিন্দারাও গভীর শোক প্রকাশ করেছেন। বিশেষ করে বর্ষা মৌসুমে পুকুর, খাল ও জলাশয়ে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে অভিভাবকদের আরও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।
কসমিক ডেস্ক