প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর। শনিবার (১ আগস্ট) সকাল ৯টার পর প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে এ বৈঠক শুরু হয়। বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বৈঠকে বিশেষ গুরুত্ব পাচ্ছে রোহিঙ্গা সংকট। এ বিষয়ে বাংলাদেশের বর্তমান অবস্থান, প্রত্যাশা এবং আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের প্রয়োজনীয়তা মার্কিন বিশেষ দূতের কাছে তুলে ধরা হতে পারে। পাশাপাশি দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক, পারস্পরিক সহযোগিতা এবং আঞ্চলিক বিভিন্ন ইস্যুতেও মতবিনিময় হওয়ার সম্ভাবনা রয়েছে।
সার্জিও গোর গত ৩০ জুলাই ঢাকায় পৌঁছান। সফরের প্রথম দিন তিনি পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেন। ওই বৈঠকে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক এবং সমসাময়িক বিভিন্ন কূটনৈতিক বিষয় নিয়ে আলোচনা হয়।
সফরের দ্বিতীয় দিনে, শুক্রবার (৩১ জুলাই), সার্জিও গোর কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করেন। সেখানে তিনি ক্যাম্পের সার্বিক পরিস্থিতি এবং বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জীবনযাত্রা সম্পর্কে অবহিত হন।
বাংলাদেশ সফরের অংশ হিসেবে মার্কিন বিশেষ দূতের এ বৈঠককে দুই দেশের চলমান কূটনৈতিক যোগাযোগের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে রোহিঙ্গা সংকটসহ আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন ইস্যুতে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে উভয় পক্ষের আলোচনা গুরুত্ব বহন করছে।
কসমিক ডেস্ক