আগামী জুন মাসের মধ্যে দেশের জনগণের জন্য হেলথ কার্ড বিতরণ করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। তিনি বলেন, স্বাস্থ্য খাতে ব্যাপক উন্নয়ন নিশ্চিত করতে আসন্ন অর্থবছরের বাজেটে বরাদ্দ বৃদ্ধি করা হবে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) নরসিংদীর মনোহরদী উপজেলা পরিষদ চত্বরে নববর্ষ উপলক্ষে আয়োজিত লোকজ মেলা উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকারের লক্ষ্য হলো স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য ও জনবান্ধব করা। সেই উদ্দেশ্যেই হেলথ কার্ড চালুর উদ্যোগ নেওয়া হয়েছে, যা আগামী জুনের মধ্যেই বাস্তবায়ন করা হবে। এই কার্ডের মাধ্যমে সাধারণ মানুষ স্বাস্থ্যসেবা গ্রহণে আরও সুবিধা পাবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি আরও জানান, স্বাস্থ্যখাতে বাজেট বরাদ্দ বাড়ানো হবে, যাতে চিকিৎসা সেবা, ওষুধ সরবরাহ এবং গ্রামীণ পর্যায়ের স্বাস্থ্যসেবা আরও উন্নত করা যায়। পাশাপাশি জনগণের কল্যাণে কৃষি ঋণ মওকুফ, দুঃস্থদের জন্য বরাদ্দ, টিআর-কাবিখা এবং খাল খননসহ বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত রয়েছে।
মন্ত্রী বলেন, শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে। হামের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে ৩০টি উপজেলা ও সিটি কর্পোরেশনে টিকাদান কার্যক্রম চলছে। আগামী ২০ তারিখ থেকে সারা দেশে হামের টিকা এবং ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো শুরু হবে।
তিনি দাবি করেন, ইতোমধ্যে হামের সংক্রমণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে এবং মৃত্যুর হারও কমে গেছে। দুই সপ্তাহের মধ্যে পুরোপুরি পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম এ মুহাইমিন আল জিহান। উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজিব মিয়া, মনোহরদী উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলন, পৌর বিএনপির সদস্য সচিব আবদুল হান্নান এবং উপজেলা যুবদলের সদস্য সচিব মাসুদুর রহমান সোহাগসহ স্থানীয় নেতৃবৃন্দ।
এর আগে উপজেলা পরিষদ চত্বর থেকে পহেলা বৈশাখ উপলক্ষে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়।
পরে দিনব্যাপী লোকজ মেলার উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী। মেলায় স্থানীয় শিল্প-সংস্কৃতি, ঐতিহ্যবাহী পণ্য ও সাংস্কৃতিক পরিবেশনা দর্শনার্থীদের আকর্ষণ করে।
সব মিলিয়ে, নববর্ষ উপলক্ষে এই আয়োজন একদিকে যেমন সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরেছে, অন্যদিকে সরকারের নতুন স্বাস্থ্য উদ্যোগ নিয়েও গুরুত্বপূর্ণ ঘোষণা এসেছে।
কসমিক ডেস্ক