ট্রাম্পের দাবি নাকচ, মার্কিন-সৌদি হামলার অনুমতি দেয়নি ইরাক The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

ট্রাম্পের দাবি নাকচ, মার্কিন-সৌদি হামলার অনুমতি দেয়নি ইরাক

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 31, 2026 ইং
ট্রাম্পের দাবি নাকচ, মার্কিন-সৌদি হামলার অনুমতি দেয়নি ইরাক ছবির ক্যাপশন:

ইরাক সরকার জানিয়েছে, দেশটির ভূখণ্ডে যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের সাম্প্রতিক যৌথ সামরিক অভিযানের বিষয়ে আগে থেকে তাদের কোনো তথ্য ছিল না এবং এ ধরনের হামলার জন্য বাগদাদ কোনো অনুমতিও দেয়নি। এ ঘটনায় ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী পপুলার মোবিলাইজেশন ফোর্সেস (পিএমএফ)-এর অন্তত ২০ সদস্য নিহত হয়েছেন বলে জানা গেছে।

শুক্রবার (৩১ জুলাই) ইরাক সরকারের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, হামলার পর প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানি তার নির্ধারিত সৌদি আরব সফর স্থগিত করেছেন। সরকার বলছে, দেশের অভ্যন্তরে কোনো এলাকা বা গোষ্ঠীকে লক্ষ্য করে সামরিক অভিযান চালানোর অনুমতি দেওয়া হয়নি।

ইরাক সরকারের মুখপাত্র হায়দার আল-আবৌদি বলেন, অভিযানের বিষয়ে আগে থেকে বাগদাদকে অবহিত করা হয়নি এবং সরকারের সঙ্গে কোনো ধরনের সমন্বয়ও করা হয়নি। এর মাধ্যমে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সেই দাবি প্রত্যাখ্যান করা হয়েছে, যেখানে তিনি বলেছিলেন যে ইরাকি নেতৃত্বের সঙ্গে সমন্বয় করেই এই অভিযান পরিচালিত হয়েছে।

অন্যদিকে সৌদি আরব দাবি করেছে, ইরাকের ভূখণ্ডে অবস্থানরত ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলো সৌদির গুরুত্বপূর্ণ স্থাপনা এবং রাজধানী রিয়াদকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টা চালিয়েছে। তবে ইরাক জানিয়েছে, এ অভিযোগের পক্ষে এখন পর্যন্ত কোনো তথ্য-প্রমাণ বা আনুষ্ঠানিক নথি তাদের কাছে উপস্থাপন করা হয়নি।

ইরাকি প্রধানমন্ত্রীর মুখপাত্র সাবাহ আল-নুমান বলেন, ইরাক নিজের ভূখণ্ড কোনো রাষ্ট্রবহির্ভূত সশস্ত্র গোষ্ঠীকে অন্য দেশের বিরুদ্ধে হামলার জন্য ব্যবহার করতে দেবে না। একই সঙ্গে কোনো বিদেশি রাষ্ট্রের একতরফা সামরিক অভিযানও দেশটির সার্বভৌমত্বের পরিপন্থী বলে উল্লেখ করেন তিনি।

বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র, সৌদি আরব এবং ইরান-সমর্থিত গোষ্ঠীগুলোর মধ্যে চলমান উত্তেজনার মধ্যে ইরাক কূটনৈতিক ভারসাম্য বজায় রাখার চেষ্টা করছে। তবে দেশটির ভূখণ্ডে বিদেশি সামরিক অভিযান মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিএনপির প্রার্থী হয়ে নতুন লক্ষ্য নির্ধারণ মেঘনার

বিএনপির প্রার্থী হয়ে নতুন লক্ষ্য নির্ধারণ মেঘনার