শবে বরাতের রাতে হামলার অভিযোগ, সন্দ্বীপে শিবিরের বিক্ষোভ The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

শবে বরাতের রাতে হামলার অভিযোগ, সন্দ্বীপে শিবিরের বিক্ষোভ

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 4, 2026 ইং
শবে বরাতের রাতে হামলার অভিযোগ, সন্দ্বীপে শিবিরের বিক্ষোভ ছবির ক্যাপশন:

চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার সন্তোষপুর ইউনিয়নে ছাত্রশিবির সভাপতির ওপর হামলার অভিযোগে বিএনপির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী ছাত্রশিবির। বুধবার সকাল ১১টার দিকে সন্দ্বীপের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিলে উপজেলা ছাত্রশিবিরের কয়েক শতাধিক নেতাকর্মী অংশ নেন। মিছিল শেষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনে ১১ দলীয় জোটের প্রার্থী ও চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের আমির আলাউদ্দীন সিকদার।

সমাবেশে আলাউদ্দীন সিকদার বলেন, শান্ত সন্দ্বীপে রাজনৈতিক আধিপত্য বিস্তারের চেষ্টা করে যারা ভিন্নমতের কর্মীদের ওপর সন্ত্রাসী কায়দায় হামলা চালাচ্ছে, তাদের পরিণতি শুভ হবে না। তিনি দ্রুত সময়ের মধ্যে হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।

ছাত্রশিবিরের পক্ষ থেকে জানানো হয়, মঙ্গলবার রাত ১০টার দিকে শবে বরাতের নামাজ শেষে সন্তোষপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে এই হামলার ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, ইউনিয়ন ছাত্রশিবির সভাপতি ইকরামুল হায়দার নাবিল ও তার সঙ্গীদের ওপর ইউনিয়ন বিএনপি সভাপতি শাহদাত হোসেনের নেতৃত্বে একদল ব্যক্তি হামলা চালায়।

সংগঠনের দাবি, তর্ক-বিতর্কের একপর্যায়ে নাবিলসহ তিনজনকে মারধর করে গুরুতর আহত করা হয়। পরে কোস্টগার্ড ও পুলিশের অভিযানে ১ নম্বর ওয়ার্ডের একটি বাড়ি থেকে আহতদের উদ্ধার করা হয়।

আহতরা বর্তমানে সন্দ্বীপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় সন্দ্বীপ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
শহীদদের স্মরণে ২৫শে মার্চ সারাদেশে ব্ল্যাকআউট

শহীদদের স্মরণে ২৫শে মার্চ সারাদেশে ব্ল্যাকআউট