বিদায়ী রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা হবে কি না জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

বিদায়ী রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা হবে কি না জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 26, 2026 ইং
বিদায়ী রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা হবে কি না জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ছবির ক্যাপশন:

সদ্য বিদায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে বর্তমান আইনি কাঠামোর আওতায় ফৌজদারি মামলা করার সুযোগ নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, সংবিধান ও বিদ্যমান আইন অনুযায়ী সাবেক রাষ্ট্রপতি হিসেবে মো. সাহাবুদ্দিন আগামী ছয় মাস নিরাপত্তাসহ আইনসম্মত সব ধরনের সুযোগ-সুবিধা ভোগ করবেন।

রোববার (২৬ জুলাই) সচিবালয়ে পুলিশের সাহসিকতা ও প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ পুরস্কার ও সম্মাননা প্রদান সংক্রান্ত অনুষ্ঠানের পর সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

সাবেক রাষ্ট্রপতিকে গ্রেপ্তার বা তার বিরুদ্ধে মামলা করার দাবির বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, স্বৈরাচারের শেষ পর্যায়, অন্তর্বর্তী সরকারের পুরো সময় এবং বর্তমান সরকারের প্রায় ছয় মাসের সময়কালে মো. সাহাবুদ্দিন সাংবিধানিক দায়িত্ব পালন করেছেন। তিনি দাবি করেন, দায়িত্ব পালনের পুরো সময় রাষ্ট্রপতি হিসেবে তিনি সাংবিধানিক দায়মুক্তি বা প্রিভিলেজ ভোগ করেছেন।

মন্ত্রী বলেন, সংবিধান অনুযায়ী দায়িত্ব পালনকালে রাষ্ট্রপতির বিরুদ্ধে ফৌজদারি অপরাধের অভিযোগে মামলা করার সুযোগ নেই। এছাড়া এ বিষয়ে সরকার এমন কোনো তথ্য বা অভিযোগ পায়নি, যা আইনি পদক্ষেপ গ্রহণের মতো পর্যায়ে রয়েছে।

এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে যেসব অভিযোগ তোলা হয়েছে, সে বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, গণতান্ত্রিক পরিবেশে প্রত্যেক নাগরিক ও রাজনৈতিক দলের মত প্রকাশের স্বাধীনতা রয়েছে। তবে উত্থাপিত অভিযোগগুলোর মধ্যে সরকার এখন পর্যন্ত আমলে নেওয়ার মতো কোনো বিষয় খুঁজে পায়নি।

তিনি আরও জানান, সাবেক রাষ্ট্রপতি হিসেবে মো. সাহাবুদ্দিন আইন অনুযায়ী নির্ধারিত সব ধরনের সুযোগ-সুবিধা পাবেন। এর মধ্যে ছয় মাসের জন্য নিরাপত্তা ব্যবস্থাও অন্তর্ভুক্ত থাকবে। তার নিরাপত্তা নিশ্চিত করতে স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ), প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট (পিজিআর), পুলিশসহ সংশ্লিষ্ট সংস্থাগুলো প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিদ্যমান আইন ও বিধিমালা অনুযায়ী সাবেক রাষ্ট্রপতির জন্য যে সুবিধাগুলো নির্ধারিত রয়েছে, সরকার সেগুলো যথাযথভাবে নিশ্চিত করবে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রংপুরে মঞ্জুরুল হোসেন হত্যার প্রতিবাদে মহাসড়ক অবরোধ

রংপুরে মঞ্জুরুল হোসেন হত্যার প্রতিবাদে মহাসড়ক অবরোধ