শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি এবং মোবাইল ফোনের অপব্যবহার রোধে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার সব মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, মাদরাসা ও কলেজ পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে মোবাইল ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছে স্থানীয় প্রশাসন।
উপজেলার মোট ৬৬টি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। এর মধ্যে রয়েছে ৩৫টি মাধ্যমিক বিদ্যালয়, ২৩টি মাদরাসা এবং ৮টি কলেজ।
উপজেলা প্রশাসন জানায়, শিক্ষার্থীদের মধ্যে মোবাইল ফোনের প্রতি অতিরিক্ত আসক্তি কমিয়ে লেখাপড়ায় মনোযোগী করে তোলা এবং একটি সুশৃঙ্খল শিক্ষার পরিবেশ নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
গত ২৩ মে অনুষ্ঠিত উপজেলা আইনশৃঙ্খলা সভায় এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। পরে ২৩ জুলাই উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে বিষয়টি শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়।
এছাড়া ২৪ জুলাই শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের নিয়ে অনুষ্ঠিত এক সভায় স্থানীয় সংসদ সদস্য মো. মমিনুল হকও এ সিদ্ধান্তের প্রতি সমর্থন জানান। তিনি বলেন, শিক্ষার্থীরা শিক্ষা প্রতিষ্ঠানে মোবাইল ফোন নিয়ে আসতে পারবে না। পাশাপাশি শিক্ষকদেরও শ্রেণিকক্ষে মোবাইল ফোন ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানান।
প্রশাসনের নির্দেশনায় বলা হয়েছে, কোনো শিক্ষার্থীর কাছে ক্যাম্পাসে মোবাইল ফোন পাওয়া গেলে সংশ্লিষ্ট শিক্ষার্থীর অভিভাবককে অবহিত করা হবে এবং প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
উপজেলা প্রশাসনের মতে, শিক্ষাপ্রতিষ্ঠানকে প্রযুক্তির অপব্যবহারমুক্ত রেখে শিক্ষার্থীদের মনোযোগ, শৃঙ্খলা ও শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যেই এই উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে। প্রতিষ্ঠান প্রধানদের এ নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়নের অনুরোধ জানানো হয়েছে।
কসমিক ডেস্ক