বাগেরহাটে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হয়েছেন আইনজীবী নিজাম উদ্দিন শান্ত (৪২)। শনিবার (২৫ জুলাই) দিবাগত রাত ১টার দিকে শহরের হাড়িখালী এলাকার তেঁতুলতলা এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনার পর পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
নিহত নিজাম উদ্দিন শান্ত বাগেরহাট সদর উপজেলার পশ্চিমভাগ গ্রামের তোরাব আলীর ছেলে। তিনি বাগেরহাট জেলা আইনজীবী সমিতির একজন নিয়মিত সদস্য ছিলেন।
বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুল আরেফিন জানান, শুক্রবার দিবাগত রাত ১টার দিকে বাগেরহাট শহর থেকে নিজ বাড়িতে ফেরার পথে হাড়িখালীর তেঁতুলতলা এলাকায় অজ্ঞাত দুর্বৃত্তরা তার ওপর হামলা চালায়। এ সময় তাকে ছুরিকাঘাত করা হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে ধারণা করা হচ্ছে।
জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে এবং স্থানীয়দের তথ্যের ভিত্তিতে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ বাগেরহাট জেলা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের মর্গে পাঠানো হয়।
পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক দল কাজ করছে। একই সঙ্গে হত্যার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।
বাগেরহাট সদর মডেল থানার ওসি মো. শামসুল আরেফিন বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
কসমিক ডেস্ক