ভারতের রাজধানী দিল্লির যন্তর মন্তরে টানা ২০ দিন ধরে আমরণ অনশন চালিয়ে আসা সমাজকর্মী সোনম ওয়াংচুককে হাসপাতালে ভর্তি করেছে দিল্লি পুলিশ। শনিবার ভোরে চিকিৎসকদের পরামর্শ এবং আদালতের নির্দেশনার ভিত্তিতে তাকে দিল্লির সাফদারজং হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।
জানা গেছে, বিতর্কিত নিট (NEET) পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে তিনি এই অনশন কর্মসূচি পালন করছিলেন। দীর্ঘদিন ধরে চলা অনশনের কারণে তার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকরা হাসপাতালে নেওয়ার সুপারিশ করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার ভোরে সাদা পোশাকধারী পুলিশের একটি দল যন্তর মন্তর এলাকায় পৌঁছে অনশনস্থল ঘিরে নিরাপত্তা বলয় তৈরি করে। পরে সোনম ওয়াংচুককে অ্যাম্বুলেন্সে করে সাফদারজং হাসপাতালে নেওয়া হয়। এ সময় তার সমর্থকরা স্লোগান দিলে কিছুক্ষণ উত্তেজনা সৃষ্টি হলেও পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনে পুলিশ।
সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, হাসপাতালে ভর্তি হওয়ার পর সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে এবং তিনি সম্পূর্ণ সচেতন আছেন। চিকিৎসকরা তার স্বাস্থ্য নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন।
দিল্লি পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, দীর্ঘ ২০ দিনের অনশনের কারণে তার গুরুত্বপূর্ণ অঙ্গপ্রত্যঙ্গ ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি তৈরি হয়েছিল। এ কারণে আদালতের নির্দেশ এবং চিকিৎসকদের সুপারিশ অনুযায়ী তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। একই সঙ্গে আন্দোলনকারীদের শান্তিপূর্ণভাবে যন্তর মন্তর এলাকা ত্যাগ করার আহ্বান জানিয়েছে পুলিশ।
সূত্র জানায়, দীর্ঘ অনশনের ফলে সোনম ওয়াংচুকের ওজন ইতোমধ্যে আট কেজিরও বেশি কমে গেছে। তবে হাসপাতালে নেওয়ার আগের দিন তিনি সমর্থকদের উদ্দেশে বলেন, বাইরে থেকে দুর্বল দেখালেও ভেতর থেকে তিনি দৃঢ় আছেন। আগামী ২০ জুলাই সংসদের বাদল অধিবেশনের প্রথম দিনে সংসদ ভবনের দিকে শান্তিপূর্ণ পদযাত্রার কর্মসূচিতে অংশ নেওয়ার ইচ্ছার কথাও তিনি প্রকাশ করেছিলেন।
এই ঘটনাকে কেন্দ্র করে দিল্লিতে আন্দোলনকারীদের মধ্যে নতুন করে আলোচনা শুরু হয়েছে। আদালতের নির্দেশে হাসপাতালে ভর্তি হলেও আন্দোলনের দাবিগুলো বহাল রয়েছে বলে সমর্থকদের পক্ষ থেকে জানানো হয়েছে।
কসমিক ডেস্ক