অ্যামাজনের ক্লাউড বিভাগ অ্যামাজন ওয়েব সার্ভিসেসে (এডব্লিউএস) বড় ধরনের নেতৃত্ব পরিবর্তন আসছে। প্রায় ১৮ বছর পর প্রতিষ্ঠান ছাড়ছেন এডব্লিউএসের জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট ডেভ ব্রাউন। তার স্থলাভিষিক্ত হচ্ছেন অ্যামাজনের ই-কমার্স বিভাগের শীর্ষ নির্বাহী ডেভ ট্রেডওয়েল।
বুধবার অ্যামাজন এ পরিবর্তনের ঘোষণা দেয়। বিষয়টি বৃহস্পতিবার (১৬ জুলাই) প্রকাশিত সিএনবিসির এক প্রতিবেদনে তুলে ধরা হয়েছে।
অ্যামাজন জানিয়েছে, চলতি মাসের শেষ দিকে ডেভ ব্রাউন প্রতিষ্ঠান থেকে বিদায় নেবেন। তিনি কোম্পানির বাইরে নতুন একটি দায়িত্ব গ্রহণের জন্য অ্যামাজন ছাড়ছেন।
ডেভ ট্রেডওয়েল দীর্ঘদিন ধরে অ্যামাজনের ই-কমার্স বিভাগের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছেন। এডব্লিউএসের নতুন নেতৃত্বে তার নিয়োগকে প্রতিষ্ঠানটির অন্যতম গুরুত্বপূর্ণ সাংগঠনিক পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে।
ডেভ ব্রাউন অ্যামাজন ওয়েব সার্ভিসেসের শুরুর দিকের সদস্যদের একজন ছিলেন। ২০০০-এর দশকে দক্ষিণ আফ্রিকায় অবস্থান করে তিনি এডব্লিউএসের অন্যতম গুরুত্বপূর্ণ সেবা ইসি২ (EC2) তৈরির কাজে যুক্ত ছিলেন। এই সেবার মাধ্যমে বিশ্বের বিভিন্ন প্রতিষ্ঠান অ্যামাজনের সার্ভারের ভার্চুয়াল অবকাঠামো ভাড়া নিয়ে নিজেদের অ্যাপ্লিকেশন ও ওয়েবসাইট পরিচালনা করতে পারে।
সাম্প্রতিক সময়ে ব্রাউন এডব্লিউএসের কম্পিউটিং ও মেশিন লার্নিং সেবার তত্ত্বাবধান করেছেন। তার দায়িত্বের আওতায় ছিল বেডরক (Bedrock) এবং সেজমেকার (SageMaker)-এর মতো কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) সেবাও।
এ ছাড়া তিনি অ্যামাজনের প্রধান নির্বাহী অ্যান্ডি জ্যাসির গুরুত্বপূর্ণ ২৮ সদস্যের ‘এস-টিম’-এর সদস্য ছিলেন, যা কোম্পানির শীর্ষ নির্বাহী সিদ্ধান্ত গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
বিদায় প্রসঙ্গে ডেভ ব্রাউন বলেন, জীবনের নতুন অধ্যায় শুরু করার জন্য এখনই উপযুক্ত সময় বলে তিনি মনে করছেন।
এদিকে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সেবার চাহিদা বৃদ্ধির কারণে অ্যামাজনের ক্লাউড ব্যবসা শক্তিশালী প্রবৃদ্ধি বজায় রেখেছে। চলতি বছরের প্রথম প্রান্তিকে অ্যামাজন ওয়েব সার্ভিসেসের আয় ২৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
কসমিক ডেস্ক