বাহামাসের রাজধানী নাসাউয়ের পশ্চিমে উত্তর অ্যানড্রসের জলভাগে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে ১০ জন নিহত হয়েছেন। শুক্রবার (১০ জুলাই) ঘটে যাওয়া এই দুর্ঘটনা দেশটির ৫৩তম স্বাধীনতা দিবস উদযাপনের দিনকে শোকে পরিণত করেছে।
বাহামিয়ান বিমান দুর্ঘটনা তদন্ত কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনাকবলিত বিমানটি বাহামাসে নিবন্ধিত একটি সেসনা ৪০২ মডেলের ছোট বিমান। এটি নাসাউয়ের লিন্ডেন পিন্ডলিং আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সান অ্যানড্রসের উদ্দেশে যাত্রা শুরু করার কিছুক্ষণ পরই নিয়ন্ত্রণ হারিয়ে বিধ্বস্ত হয়।
দুর্ঘটনার পর উদ্ধারকারী দল প্রথমে একজনকে জীবিত উদ্ধার করলেও পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারও মৃত্যু হয়। ফলে বিমানটির সব আরোহী প্রাণ হারিয়েছেন। নিহতদের পরিচয় এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।
দুর্ঘটনার বিষয়ে শোক প্রকাশ করে বাহামাসের প্রধানমন্ত্রী ফিলিপ ব্রেভ ডেভিস বলেন, স্বাধীনতার আনন্দের দিনটি জাতির জন্য গভীর বেদনার দিনে পরিণত হয়েছে। তিনি নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং দুর্ঘটনার কারণ উদ্ঘাটনে দ্রুত তদন্তের আশ্বাস দেন।
এদিকে, দুর্ঘটনার পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ফ্ল্যামিঙ্গো এয়ার-এর বিমান পরিচালনা সনদ সাময়িকভাবে স্থগিত করেছে দেশটির সরকার। জ্বালানি, পরিষেবা ও বিমান চলাচল মন্ত্রণালয় জানিয়েছে, একই দিনে এয়ারলাইনটির আরেকটি বিমানে পৃথক একটি নিরাপত্তা ত্রুটির ঘটনাও ঘটেছিল।
বিমান চলাচলমন্ত্রী জোবেথ কোলবি-ডেভিস জানান, মায়াগুয়ানাগামী একটি বিমানের পাইলট মাঝ আকাশে যান্ত্রিক সমস্যা শনাক্ত করে জরুরি ভিত্তিতে নাসাউ বিমানবন্দরে ফিরে আসেন। যাত্রীরা নিরাপদে নেমে যাওয়ার পর বিমানটিতে আগুন ধরে যায়। একই দিনে দুটি গুরুতর ঘটনার পর এয়ারলাইনটির সব ফ্লাইট সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, বিমান দুর্ঘটনার প্রকৃত কারণ নির্ধারণে পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট সব নিরাপত্তা দিক খতিয়ে দেখা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
কসমিক ডেস্ক