হলিউড অভিনেতা পল ওয়েসলি আবারও নতুন জীবনের সূচনা করলেন। জনপ্রিয় মার্কিন সিরিজ ‘দ্য ভ্যাম্পায়ার ডায়েরিজ’-এ স্টিফান সালভাতোর চরিত্রে অভিনয় করে বিশ্বজুড়ে পরিচিতি পাওয়া এই তারকা দীর্ঘদিনের সঙ্গী নাটালি ক্যাকেনবার্গকে বিয়ে করেছেন।
চার বছরের সম্পর্কের পর একান্ত ব্যক্তিগত পরিবেশে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেবল একজন ধর্মযাজক এবং তাদের প্রিয় পোষা কুকুর গ্রেগ। মজার বিষয় হলো, গ্রেগকে বিয়ের অনুষ্ঠানে ‘বেস্ট বয়’-এর বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছিল, যা ভক্তদের মধ্যে বেশ আলোচনার জন্ম দিয়েছে।
বিয়ের খবরটি প্রথম প্রকাশ করেন নাটালি ক্যাকেনবার্গ। ১৩ জুলাই নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বিয়ের কয়েকটি ছবি শেয়ার করে তিনি ক্যাপশনে লেখেন, “Mr. & Mrs. and Best Boy Greg.” পোস্টটি প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছার বন্যায় ভাসছেন এই নবদম্পতি।
বিয়ের পোশাকেও ছিল আভিজাত্যের ছোঁয়া। ২৬ বছর বয়সী নাটালি পরেছিলেন সাদা রঙের ক্লাসিক ওয়েডিং গাউন। অন্যদিকে ৪৩ বছর বয়সী পল ওয়েসলি নীল রঙের স্যুটের সঙ্গে কালো টাই পরে হাজির হন।
পল ও নাটালির সম্পর্ক প্রকাশ্যে আসে কয়েক বছর আগে। ২০২২ সালে ইতালি সফরের সময় তারা বাগদানের ঘোষণা দেন। সে সময় নাটালি একটি ছবি প্রকাশ করে শুধু “Yes” লিখেছিলেন, যেখানে তার আঙুলে বাগদানের আংটি দেখা যায়।
পল ওয়েসলি অভিনয়জীবনে সবচেয়ে বেশি জনপ্রিয়তা অর্জন করেন ‘দ্য ভ্যাম্পায়ার ডায়েরিজ’ সিরিজে স্টিফান সালভাতোর চরিত্রে অভিনয় করে। পরে তিনি ‘Star Trek: Strange New Worlds’ সিরিজে জেমস টি. কার্ক চরিত্রেও প্রশংসিত হন।
এটি পল ওয়েসলির তৃতীয় বিয়ে। এর আগে তিনি অভিনেত্রী টরি ডিভিটোর সঙ্গে ২০১১ থেকে ২০১৩ সাল পর্যন্ত এবং ইনেস ডি র্যামন-এর সঙ্গে ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত বৈবাহিক সম্পর্কে ছিলেন। নতুন এই অধ্যায়ে পল ও নাটালির সুখী দাম্পত্য জীবনের শুভকামনা জানিয়েছেন ভক্তরা।
কসমিক ডেস্ক