টানা বৃষ্টি কবে কমবে? নতুন পূর্বাভাস জানাল আবহাওয়া অধিদপ্তর The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

টানা বৃষ্টি কবে কমবে? নতুন পূর্বাভাস জানাল আবহাওয়া অধিদপ্তর

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 13, 2026 ইং
টানা বৃষ্টি কবে কমবে? নতুন পূর্বাভাস জানাল আবহাওয়া অধিদপ্তর ছবির ক্যাপশন:

দেশজুড়ে কয়েক দিন ধরে চলমান বৃষ্টিপাত আরও অন্তত পাঁচ দিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। মৌসুমি বায়ু সক্রিয় থাকায় দেশের বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং কোথাও কোথাও ভারি থেকে অতি ভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে।

সোমবার (১৩ জুলাই) প্রকাশিত পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন স্থানে ভারি বৃষ্টি হতে পারে। বিশেষ করে ঢাকায় ভারি বর্ষণের কারণে জলাবদ্ধতার সৃষ্টি হতে পারে বলে সতর্ক করা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, রংপুর, রাজশাহী, খুলনা ও ময়মনসিংহ বিভাগের কোথাও কোথাও অতি ভারি বৃষ্টিপাত হতে পারে। একই সঙ্গে দেশের অন্যান্য এলাকাতেও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক বলেন, মৌসুমি বায়ু সক্রিয় থাকায় বিক্ষিপ্তভাবে সারা দেশে বৃষ্টিপাত অব্যাহত থাকবে। কোথাও কোথাও ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে এবং এই পরিস্থিতি আগামী অন্তত পাঁচ দিন স্থায়ী হওয়ার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গতকাল রোববার সন্ধ্যা ৬টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগে সর্বোচ্চ ৭৯০ মিলিমিটার, ঢাকা বিভাগে ৫৬৪ মিলিমিটার, খুলনা বিভাগে ২৭৪ মিলিমিটার, রাজশাহী বিভাগে ২০৪ মিলিমিটার, ময়মনসিংহ বিভাগে ১০০ মিলিমিটার, বরিশাল বিভাগে ৮৭ মিলিমিটার, রংপুর বিভাগে ৮১ মিলিমিটার এবং সিলেট বিভাগে ১৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর মধ্যে ঢাকা শহরেই সর্বোচ্চ ১৭৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর ভারি বৃষ্টির সময় প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়া এবং জলাবদ্ধ এলাকায় চলাচলে সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিআরটিএ পরীক্ষায় প্রক্সি দিতে এসে আটক যুবক, কারাদণ্ড ও জরিমা

বিআরটিএ পরীক্ষায় প্রক্সি দিতে এসে আটক যুবক, কারাদণ্ড ও জরিমা